কংগ্রাচুলেশন জানানো হয়েছে পুরস্কার পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত পাইনি: বুবলী
শবনম বুবলী: ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:২৩
চিত্রনায়িকা শবনম বুবলীকে পর্দায় হাসিখুশি দেখা গেলেও বাস্তব জীবনের সংগ্রাম ও মাতৃত্বের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেল। সম্প্রতি রুম্মান খানের পডকাস্ট অনুষ্ঠানে হাজির হন নায়িকা। অনুষ্ঠানে সন্তান শেহজাদ খান বীরের জন্মের সময়ের কঠিন পরিস্থিতির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই নায়িকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা মহামারির সময়ে একাকীত্বের দিনগুলোর কথা স্মরণ করেন বুবলী। ২০২০ সালে যখন বিশ্বজুড়ে কোভিডের ভয়াবহতা, ঠিক সেই সময়ে মা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। সেই দিনগুলোর কথা বলতে গিয়ে বুবলী বলেন, 'সেটা ছিল আমার পুনর্জন্ম। আমি তখনো জানি না মায়ের জার্নিটা কেমন হয়। প্রেগন্যান্ট অবস্থায় আমেরিকায় ছিলাম, কোভিডের ওই ভয়াবহ পরিস্থিতির কথা আমরা কেউ জানতাম না।'

কথাগুলো বলার সময় কণ্ঠ জড়িয়ে আসে বুবলীর। একপর্যায়ে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন।
কান্নাজড়িত কণ্ঠে বুবলী বলেন, 'আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে। বাবা-মা দুজনকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমার মায়ের জন্য আমার ফিলিংটা যেমন আলাদা, তেমনি আমার সন্তানের জন্য। আম্মু সবসময় একটা কথা বলতেন, আমাদের ছোটবেলা থেকে শাসন করে বলতেন- মা হলে বুঝবি।'
পডকাস্টে নিজের ক্যারিয়ার ও প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েও কথা বলেন বুবলী। ক্যারিয়ারের শুরুতে নবাগত হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়ার বিষয়টি তার জন্য বড় অনুপ্রেরণা ছিল বলে জানান। পরিবারের অমতে শোবিজে এসে সেই পুরস্কারটি ছিল তার জন্য বড় অর্জন। তবে পরবর্তী সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার পাওয়ার আশ্বাস পেয়েও শেষ পর্যন্ত না পাওয়ার আক্ষেপ রয়েছে তার। বুবলী বলেন, 'অনেক সময় কংগ্রাচুলেশন জানানো হয়েছে যে আমি পুরস্কার পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত পাইনি। তখন মনে হয়েছে, এটাই জীবনের অংশ।'

২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খান বীর। বুবলীর ক্যারিয়ারে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যাও এখন ২১। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই ও শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপড়েন থাকলেও বর্তমানে কাজ ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।
- বিষয় :
- শবনম বুবলী
- অভিনেত্রী
