ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিনেমা নয়, ভিন্নভাবে আন্তর্জাতিক মঞ্চে কৃতি

সিনেমা নয়, ভিন্নভাবে আন্তর্জাতিক মঞ্চে কৃতি
×

কৃতি শ্যানন। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৮

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে উপস্থিতি একটি ট্রেন্ড হয়ে উঠেছে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছেন কৃতি শ্যানন। বলিউডে তাঁর স্টাইল স্টেটমেন্ট বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। কখনও মিনিমাল এলিগ্যান্স, কখনও বা সাহসী পোশাকে।

প্রতিবারই নিজেকে নতুনভাবে হাজির করেন কৃতি শ্যানন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনবোধের জন্যও তিনি সমানভাবে সমাদৃত। এবার সেই স্টাইলচর্চা পৌঁছে যাচ্ছে লন্ডনের ফ্যাশন উইকের আন্তর্জাতিক মঞ্চের লাল গালিচায়। আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনে বসছে এ আসর।

বিশ্ব ফ্যাশন মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজনের রেড কার্পেটে উপস্থিত থাকার সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত কৃতি।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই তার পোশাক চূড়ান্ত হয়েছে। যদিও কোন ডিজাইনারের সৃষ্টিতে তিনি সাজবেন, তা এখনও গোপন রাখা হয়েছে; যা নিয়ে ভক্তমহলে কৌতূহল তুঙ্গে। ২১ বা ২২ ফেব্রুয়ারি লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা তার। প্রস্তুতি চলছে জোরকদমে।

কৃতি শ্যানন। ছবি: ফেসবুক

কৃতির স্টাইল টিম লুক, মেকআপ সবকিছুতেই আন্তর্জাতিক মান বজায় রাখতে কাজ করছে। ফ্যাশন সমালোচকদের মতে, এই উপস্থিতি তার গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুকে আরও শক্তিশালী করবে।

এদিকে ফ্যাশনের মঞ্চে পা রাখার আগে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ককটেল ২’ ছবির শ্যুটিং। এই ছবিতে তার সহঅভিনেতা হিসেবে রয়েছেন শাহিদ কাপুর ও রাশমিকা মন্দানা। সম্পর্ক, আবেগ ও আধুনিক সম্পর্কের জটিলতা ঘিরে তৈরি হচ্ছে ছবিটি।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও আগ্রহ দেখাচ্ছেন কৃতি। নিজের ক্যারিয়ারকে কেবল নায়িকার সীমায় আটকে না রেখে, তিনি ধীরে ধীরে নির্মাণ ও কনটেন্ট নির্বাচনের দিকেও মনোযোগ দিচ্ছেন। সূত্র: মিডডে

আরও পড়ুন

×