ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

একই গল্পে ভিন্ন দুই চরিত্রে তিশা

একই গল্পে ভিন্ন দুই চরিত্রে তিশা
×

তানজিন তিশা। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৭:০৮

চরিত্র যেমনই হোক, সহজেই তার সঙ্গে মানিয়ে নেন তানজিন তিশা। চরিত্রকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলায় দারুণ পারদর্শী। সে কারণেই নির্মাতা রুবেল হাসান তানজিন তিশাকে পর্দায় তুলে আনছেন ভিন্ন রকম এক গল্পে। নাম ‘গোলাপি’। এতে দুই চরিত্রে দেখা মিলবে তিশার।

নির্মাতার কথায়, প্রেম অথবা বিরহের গল্প তো অনেকই দেখেছে দর্শক। এবারের গল্পটি সব কিছুকে ছাপিয়ে যাবে। কারণ, এবার ছোটপর্দায় তুলে আনা হয়েছে নারীকেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্প। নাম ‘গোলাপি’; যার দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। ‘গোলাপি’র নায়ক বা ভিলেন চরিত্রে এই নাটকে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। নাটকের চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।

নির্মাতা রুবেল হাসানের মতে, চিত্রনাট্যের ‘গোলাপি’ চরিত্রটি যে কোনো অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।

তিনি বলেন, ‘এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে; তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। রয়েছে পুলিশি চমকও। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে। সব মিলিয়ে এই নাটকটি হতে যাচ্ছে আসছে ঈদের অন্যতম গল্প।’ নির্মাতার এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন অভিনেত্রী নিজেও।

তানজিন তিশার কথায়, খ্যাতির ভাবনা ঝেড়ে ফেলে সেই কাজটি বেছে নেওয়ার চেষ্টা থাকে, যেখানে দর্শক তাঁকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন। পরিণত শিল্পী হিসেবে নিজেকে উপস্থাপন করতে ভালো কাজের বিকল্প নেই। সেই ভাবনা থেকে অভিনয়ের জন্য ‘গোলাপি’ নাটকটি বেছে নেওয়া।

ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাওয়া এই নাটকটি অনেকের মনে দাগ কাটবে বলে আশা প্রকাশ করেছেন তিশা। 

আরও পড়ুন

×