ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মা-বাবার বিচ্ছেদ গুঞ্জন, অস্থিরতার কথা জানালেন গোবিন্দর মেয়ে

মা-বাবার বিচ্ছেদ গুঞ্জন, অস্থিরতার কথা জানালেন গোবিন্দর মেয়ে
×

টিনা আহুজা, গোবিন্দ ও সুনীতা আহুজা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১৬:০৭ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১৮:৫৮

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন গত এক বছর ধরে নানা গুঞ্জনের কেন্দ্রে। তাদের বিচ্ছেদ হতে পারে—এমন খবর প্রকাশের পরই আলোচনায় উঠে আসে গোবিন্দর কথিত পরকীয়ার অভিযোগ। এই পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বলেছেন তাদের মেয়ে টিনা আহুজা।

সম্প্রতি নিজের মায়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভ্লগে টিনা জানান, গত কয়েক বছর তাদের পরিবারের জন্য সহজ ছিল না। তিনি বলেন, গত দুই বছর কিছুটা অস্থিরতার মধ্য দিয়েই কেটেছে।

ভ্লগে টিনা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি মাকে চমক দিতে কিছু উপহার কিনতে বেরিয়েছেন। টিনার ভাষায়, মেয়েরা ও নারীরা অন্যদের জন্য অনেক কিছু করে, কিন্তু নিজেদের কথা খুব কমই ভাবে। তাই ভাবলাম, আমার মতো করে মায়ের জন্য কিছু বিশেষ করা যাক।

মায়ের জন্য সূর্যমুখী ফুলসহ বেশ কিছু উপহার কিনে বাড়িতে ফেরেন তিনি। এরপর মুম্বাইয়ের বাসভবনে মা–মেয়ের মধ্যে হয় খোলামেলা আলাপ।

আলোচনার এক পর্যায়ে সুনীতা আহুজা বলেন, ‘সবকিছুই একটা সীমার মধ্যে করা উচিত। আমি কাউকে বলছি না যে স্বামী বা সন্তানদের ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমার জীবনে একটা বড় ‘কিন্তু’ আছে। এতদিন সবাইকে দেখাশোনা করেছি, এখন মনে হচ্ছে নিজের জন্যও একটু বাঁচা উচিত। আমি এর চেয়েও বেশি প্রাপ্য।’

গোবিন্দ ও সুনীতা আহুজা তিন দশকেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাদের দুই সন্তান—ছেলে যশবর্ধন আহুজা ও মেয়ে টিনা আহুজা। যশবর্ধন বর্তমানে নিজের প্রথম সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। সেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন নিতাংশী গোয়েল, যিনি লাপাতা লেডিসের মাধ্যমে আলোচনায় এসেছিলেন। সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন

×