‘ও রোমিও’ থেকে ‘ভাগ্যলক্ষ্মী’
এ সপ্তাহের ওটিটিতে আরও যা থাকছে
ও রোমিও সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১৪:৫৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ১৫:০৫
চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা ভাষা ও ঘরানার কিছু আলোচিত সিনেমা ও ধারাবাহিক। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর-
হইচই
১০ এপ্রিল মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ভাগ্যলক্ষ্মী। ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায় অভিনীত এ ছবিতে এক মধ্যবিত্ত দম্পতির জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি মৃত্যুকে ঘিরে তৈরি হয় রহস্য। একটি স্যুটকেসভর্তি টাকা তাদের জীবনে স্বস্তির বদলে ডেকে আনে বিপদ ও অস্থিরতা।
প্রাইম ভিডিও
১০ এপ্রিল এসেছে হিন্দি সিনেমা ও রোমিও। শহিদ কাপুর ও তৃপ্তি দিমরি অভিনীত এই সিনেমার পটভূমি নব্বইয়ের দশকের মুম্বাই আন্ডারওয়ার্ল্ড। প্রতিশোধ নিতে আসা এক নারীর সঙ্গে জড়িয়ে পড়ে এক ভাড়াটে খুনি, যার ফলে গল্প নেয় নতুন মোড়।
এইচবিও ম্যাক্স
১২ এপ্রিল মুক্তি পাচ্ছে ইউফোরিয়া সিজন ৩। আগের সিজনের পাঁচ বছর পরের গল্পে এবার কিশোর বয়স পেরিয়ে বাস্তব জীবনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় চরিত্রগুলো।
নেটফ্লিক্স
৯ এপ্রিল মুক্তি পাওয়া সিরিজ বিগ মিসটেকসে দুই ভাইবোনের ভুলভাল সিদ্ধান্ত তাদের অপরাধজগতের জটিলতায় ঠেলে দেয়, তবে সেই ভুলই কখনও তাদের রক্ষা করে।
অ্যাপল টিভি
গতকাল ১০ এপ্রিল প্রকাশ হয়েছে ইংরেজি সিনেমা আউটকাম। এতে অভিনয় করেছেন কিয়ানু রিভস, ম্যাট বোমার প্রমুখ। সিনেমায় কিয়ানো রিভস অভিনয় করেছেন এক হলিউড তারকার চরিত্রে, যিনি ব্ল্যাকমেলের শিকার হয়ে অতীতের অন্ধকার সত্যের মুখোমুখি হতে বাধ্য হন।
চরকি
চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাদের জীবন মানের কিছু কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্মি ‘চা গরম’। এতে চা বাগানের সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করা হয়নি বরং চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের জীবনমানও তুলে ধরা হয়েছে বলে জানালেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত।
বৈশাখকে কেন্দ্র করে ১৪ এপ্রিল চরকিতে মুক্তি পাবে এটি। অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি।
- বিষয় :
- ওটিটি প্লাটফর্ম
- সিনেমা
- সিরিজ
