ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

রবীন্দ্র সরোবরে রইদের গান

রবীন্দ্র সরোবরে রইদের গান
×

‘রইদ’ সিনেমার শিল্পী-নির্মাতা কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৯:৩১ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৯:৩৪

‘রইদ’ সিনেমার প্রচারণায় কনসার্টের আয়োজন করেছেন চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন। শিরোনাম দিয়েছেন ‘রইদের গান’। শুক্রবার বিকেল ৪টায় ঢাকার রবীন্দ্র সরোবরে সিনেমাটির গান নিয়ে অনুষ্ঠিত হবে এই সংগীতায়োজন। এতে পারফর্ম করবে ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি; যাদের গান থেকে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘রইদ’ সিনেমায়।

আয়োজক পক্ষ থেকে শিমুল চন্দ্র বিশ্বাস জানান, অনেক দিন ধরে ‘রইদের গান’ শিরোনামে কয়েকটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা চলছিল। কিন্তু নানা ধরনের ব্যস্ততা ও কিছু অনিবার্য কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অবশেষে আমরা সবাই একসঙ্গে রবীন্দ্র সরোবরে দর্শকদের জন্য বিশেষ একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। এই কনসার্টে থাকবে গান, আড্ডা আর দারুণ কিছু মুহূর্ত। যারা আমাদের গান ভালোবাসেন, সব সময় পাশে থেকেছেন, তাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগও তৈরি হবে। তাদের চাওয়া, সবাই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এই সংগীতায়োজনে অংশ নিক এবং সুন্দর একটা সময় কাটান।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রইদ’ সিনেমার তিনটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। ৭ মে প্রকাশ পেয়েছে সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি। মাতান চাঁদ গোঁসাইর লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। সবশেষে ১৫ মে সন্ধ্যায় ‘রহে না’ গান মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন মেঘদল ব্যান্ড।

‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ। সাধু, তাঁর পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত রইদের গল্পে আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছেন নির্মাতা। গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।

গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে আন্তর্জাতিক প্রিমিয়ার হয় এ সিনেমার। এ ছাড়াও বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়াল প্রোগ্রামে সিলেক্ট হয়েছে সিনেমাটি।

সবকিছু ঠিক থাকলে আসছে কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইদ’। 

আরও পড়ুন

×