অভিনেতা-রাজনীতিবিদ সেলিম মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৫:৪০
জাতীয় পুরস্কার বিজয়ী মালয়ালম অভিনেতা ও রাজনীতিবিদ সেলিম কুমার মারা গেছেন। শনিবার রাতে কোচির একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী সুনীতা, দুই সন্তান রেখে গেছেন।
অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে লিভার প্রতিস্থাপন করা হয়েছিল সলিম কুমারের। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু হয়।
মিমিক্রি শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা সেলিম কুমার ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর ধীরে ধীরে তিনি মালয়ালম সিনেমার অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতায় পরিণত হন। তার অভিনীত অসংখ্য চরিত্র ও সংলাপ আজও কেরালার মানুষের দৈনন্দিন কথোপকথনের অংশ হয়ে আছে।
কেবল কৌতুক অভিনেতা হিসেবেই নয়, গম্ভীর ও আবেগঘন চরিত্রেও নিজের অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। হাস্যরস ও নাটকীয়তার মধ্যে অনায়াসে বিচরণ করার ক্ষমতা তাঁকে সমসাময়িক অভিনেতাদের মধ্যে অনন্য মর্যাদা এনে দেয়।
অভিনয়জীবনে তিনি একাধিক সম্মানজনক পুরস্কার অর্জন করেন। ‘অচানুরঙ্গথা ভিডু’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডে দ্বিতীয় সেরা অভিনেতার পুরস্কার পান। পরে ‘অ্যাডমিন্টে মাকান আবু’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করেন। একই সিনেমার জন্য তিনি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডেও সেরা অভিনেতা নির্বাচিত হন।
চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন সলিম কুমার। তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত ছিলেন এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও সর্বশেষ কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউডিএফ) পক্ষে প্রচারণায় অংশ নেন। সূত্র: ইন্ডিয়া টুডে
- বিষয় :
- মারা গেছেন
- অভিনেতা
