ঈদের পর প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন সিনেমা
‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার দৃশ্য। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৯:০৯ | আপডেট: ১২ জুন ২০২৬ | ২০:০০
গেল ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমা মুক্তি পায়। এরপর আর নতুন কোন সিনেমা মুক্তি পায়িনি। অবশেষে আজ ১২ জুন শুক্রবার প্রেক্ষাগৃহে এসেছে নতুন সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস-এ মুক্তি পেয়েছে সিনেমাটি।
সিনেমা মুক্তি প্রসঙ্গে পরিচালক আকাশ হক বলেন, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পাওয়ার কারণে হল বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়। পরে সিনেমাটি ঈদের পর মুক্তির সিদ্ধান্ত নেই। এটি মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে। দুটি প্রেক্ষাগৃহ থেকেই বেশ দর্শক সাড়া পাচ্ছি।’
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল কালচার ও ছাত্র রাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এটি ১৪২ মিনিট দৈর্ঘ্যের রাজনৈতিক স্যাটায়ার সিনেমা। গল্পে সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন একগুচ্ছ নতুন মুখ। তারা হলেন– ববি বিশ্বাস, দেবদ্যুতি আইচ, রকি খান, চয়ন মণ্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
প্রসঙ্গত, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত বছরের ১৬ জানুয়ারি, ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং এটি আন্তর্জাতিক ফিল্ম ক্রিটিক পুরস্কার হিসেবে (ফিপরিসি আওয়ার্ড) বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেয় এবং দেশি-বিদেশি চলচ্চিত্র বোদ্ধাসহ অসংখ্য দর্শকের প্রশংসা পায়। এ ছাড়া চলতি বছর আমার ভাষার চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে ‘হীরা লাল সেন’ পদক অর্জন করে সিনেমাটি।
- বিষয় :
- নতুন সিনেমা
- প্রেক্ষাগৃহ
