চুমু দিয়ে রুদ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা মুনমুন সেন
মুনমুন সেন ও রুদ্রনীল ঘোষ। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৮:২৯ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৮:৩২
সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে স্বভূম শিবপুর থেকে বিধায়ক হয়েছেন রুদ্রনীল ঘোষ। তারপর থেকে সিনেইন্ডাস্ট্রির উন্নয়নে উঠেপড়ে নেমেছেন তিনি। সিনেমা সংক্রান্ত সব অনুষ্ঠানে হাজির হতে দেখা গেছে তাকে। গতকাল হাজির ছিলেন ‘আবার হাওয়া বদল’-এর প্রিমিয়ারে। সেখানে অভিনেতা রুদ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা মুনমুন সেন।
‘আবার হাওয়া বদল’ সিনেমার নায়িকা মুনমুনের মেয়ে রাইমা সেন। মেয়ের সিনেমা দেখতে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন মুনমুন। সিনেমার পাত্র-পাত্রী রাইমা সেন ও পরমব্রত চট্টোপাধ্যায় হলেও মুনমুন সেন মজেন অভিনেতা রুদ্রনীল ঘোষের প্রশংসায়।
অভিনেতাকে পাশে নিয়ে প্রবীণ অভিনেত্রী বলেন, ‘আমি ওকে (রুদ্রনীল) আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা। অভিনয়ের সময় রুদ্রনীল পুরো শরীর ব্যবহার করে। ধরুন, কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে। এমনও হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না। কিন্তু ওর হাত ঠিক কাঁপবে।’

পাশেই দাঁড়িয়ে থাকা অভিনেতাকে জড়িয়ে ধরে মুনমুন বলেন, ‘রুদ্রনীল যখন গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, ওর গলার শিরাও ফুটে ওঠে।’ এরপরই তারকা-বিধায়কের গাল টিপে স্নেহের চুম্বন এঁকে দিতে দেখা যায় প্রবীণ অভিনেত্রীকে।
প্রিমিয়ার অনুষ্ঠানে ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ার একাংশ দুই শিল্পীর রাজনৈতিক মতাদর্শের কথা মনে করিয়ে দিয়েছেন।
একসময়ে মুনমুন সেন ছিলেন তৃণমূলের তারকা সাংসদ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে নির্বাচিত হয়ে সাংসদ হন এবং ২০১৯ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি। যদিও ২০১৯ সালের ভোটে আসানসোল থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে পরাজিত হন। তারপর থেকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুনমুন সেনকে।
এবার বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষকে আলিঙ্গন করে প্রশংসায় পঞ্চমুখ হতেই নেটিজেনরা বললেন, ‘স্নেহ আসলে রাজনীতির গণ্ডি মানে না’! সূত্র: টিভি নাইন
- বিষয় :
- মুনমুন সেন
- রুদ্রনীল ঘোষ
- টালিউড
