মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, পুলিশসহ আহত ৮
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৯:৩০
নারায়ণগঞ্জে মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাচারকারীদের ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। পুলিশ শীর্ষ মাদক পাচারকারী ফাইটার মনিরসহ তিনজনকে বিপুল মাদকসহ আটক করেছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে।
আহত পাঁচ পুলিশ সদস্য হলেন এসআই মনির ও নন্দন সরকার, এএসআই কামরুল হাসান ও মনির হোসাইন ও কনস্টেবল আশিক। অন্য আহতরা হলেন পথচারী হেলালউদ্দিম, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির, তার সহযোগী নাইম ও মাসুমকে আটক করা হয়। আটকদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর ইট ছোড়ে। পরে পুলিশকে লক্ষ্য করে ৫-৬টি গুলি করে। পুলিশ পাল্টা দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- গুলি
- আহত
