বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
বেনজীর আহমেদ ও পরীমণি। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২১:০৩ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ২১:৩১
পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।
দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন দুবাইতে এলে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বেনজীরের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন পরীমণি। তবে দীর্ঘ কোনো মন্তব্য না করে পোস্টের ক্যাপশনে অভিনেত্রী শুধু লেখেন, ‘মজা’।
তবে এক শব্দের এই মন্তব্যের ব্যাখ্যা পরীমণি দেননি। কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু লেখেননি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা দেখা গেছে।
পরীমণির ঘনিষ্ঠজনদের দাবি, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত যে ঘটনা ঘটেছিল, সেসবের সঙ্গে বেনজীর আহমেদের নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে। একই ঘটনায় পরীমণিকে ঘিরেও একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া তৈরি হয়েছিল, যা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল।
- বিষয় :
- বেনজীর আহমেদ
- পরীমণি
