ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

এমি জয়ী নির্মাতা জেমস বারোজ মারা গেছেন

এমি জয়ী নির্মাতা জেমস বারোজ মারা গেছেন
×

জেমস বারোজ। ছবি: সিএনএন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৮:২২

টেলিভিশন কমেডির স্বর্ণযুগ গড়ে তোলা নির্মাতা জেমস বারোজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। জেমস বারোজের পরিবার শনিবার মার্কিন গণমাধ্যম পিপল-কে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি আজ পরিবারের সদস্যদের সান্নিধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ‘চিয়ার্স,’ ‘ট্যাক্সি,’ ‘ফ্রেন্ডস,’ ‘উইল অ্যান্ড গ্রেস’-এর মতো একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অগণিত স্মরণীয় মুহূর্ত। হয়তো তাঁর মুখ অনেকেই চিনতেন না, তাঁর তৈরি হাসির ভাষা ছিল সবার চেনা।

জেমস বারোজ ছিলেন এমন একজন পরিচালক, যিনি জানতেন ভালো কমেডি শুধু কৌতুক নয়, এটি মানুষ, সম্পর্ক আর আবেগের গল্প। তাঁর পরিচালনায় এক হাজারেরও বেশি পর্ব তৈরি হয়েছে, যা আজও বিশ্বজুড়ে দর্শকদের মুখে হাসি ফোটায়।

১৯৭৪ সালে, ৩৫ বছর বয়সে শুরু হয় তাঁর টেলিভিশন যাত্রা। ‘দ্য মেরি টাইলার মুর শো’ থেকে শুরু করে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সিটকম দুনিয়ার অন্যতম নির্ভরযোগ্য নাম।

‘চিয়ার্স’-এর ২৭৩টির মধ্যে ২৪৩টি পর্ব তিনি নিজে পরিচালনা করেন। নিজের স্মৃতিকথায় তিনি লিখেছিলেন, একটি নিখুঁত কমেডি তখনই জন্ম নেয়, যখন চিত্রনাট্য, অভিনয় এবং শিল্পীদের মধ্যে রসায়ন একসঙ্গে মিলে যায়। এই ‘ম্যাজিক মোমেন্ট’-ই তৈরি করে সেই হাসি, যা দীর্ঘদিন মনে থেকে যায়।

১৯৪০ সালের ৩০ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে জন্ম তাঁর। বাবা এব বারোজ ছিলেন বিখ্যাত নাট্যকার। ছোটবেলা থেকেই থিয়েটারের পরিবেশে বড় হওয়া জেমস যেন স্বাভাবিকভাবেই এ জগতেই নিজের ঠিকানা খুঁজে পান। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×