‘বরবাদ’-এর পর ফের হৃদয়ের সিনেমায় শাকিব
শাকিব খান। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৮:৪৮ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ২০:১৪
দেশীয় চলচ্চিত্রে গত বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমাগুলোর একটি ছিল ‘বরবাদ’। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নির্মাণ ও নায়ক শাকিব খানের অভিনয়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে। সেই সাফল্যে পর এক সিনেমায় দেখা যায়নি শাকিব-হৃদয়কে। নতুন খবর হচ্ছে আবারও এক হচ্ছেন ‘বরবাদ’ টিম।
রিয়েল অ্যানার্জির নতুন সিনেমায় আজ আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও নতুন সিনেমাটির নাম কিংবা গল্পের আভাস দেননি নির্মাতা। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, এটি একটি বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার সিনেমা। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে। আমরা আবারও তাঁকে সম্পূর্ণ নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই।’
সংশ্লিষ্টদের দাবি, ‘বরবাদ’-এর মতো এবারও নির্মাণ, অ্যাকশন ও উপস্থাপনায় থাকবে ভিন্ন মাত্রার চমক। বড় ক্যানভাসে আন্তর্জাতিক মানের একটি বাণিজ্যিক সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ শুরু করছে পুরো টিম।
জানা গেছে, নতুন এই সিনেমাটি ২০২৭ সালে ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ‘বরবাদ’-এর বাণিজ্যিক সাফল্যের পর নতুন এই প্রজেক্টকে ঘিরে দর্শক ও শাকিব ভক্তদের প্রত্যাশা ইতোমধ্যেই তুঙ্গে।
- বিষয় :
- শাকিব খান
- নতুন সিনেমা
