ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পোকার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে রাজেশ শর্মা

পোকার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে রাজেশ শর্মা
×

রাজেশ শর্মা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৬:৩১

ভারতের হায়দরাবাদে শুটিং চলাকালে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রভাস অভিনীত আসন্ন সিনেমা ‘ফৌজি’–এর শুটিং করছিলেন রাজেশ শর্মা। শুটিং চলাকালে একটি পোকা তাঁকে কামড় দেয়। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া না হলেও পরে সংক্রমণ দেখা দেয়। ফলে অভিনেতার তীব্র জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকদের ভাষ্য, তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন। তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা প্রশ্ন তুলেছেন, অভিনেতার অসুস্থতা বাড়ার পরও কেন তাঁকে হায়দরাবাদের কোনো বড় হাসপাতালে তাৎক্ষণিক ভর্তি করা হয়নি।

সংগঠনের দাবি, শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রযোজনা সংস্থার নৈতিক ও আইনি দায়িত্ব। তারা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত চেয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও স্বাস্থ্যবিধিতে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে।

এ ছাড়া রাজেশ শর্মার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ‘ফৌজি’ সিনেমার প্রযোজনা সংস্থাকে বহনের আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

তবে এ ঘটনায় ‘ফৌজি’ ছবির নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

টালিউড ও বলিউড—দুই অঙ্গনেই সমান জনপ্রিয় রাজেশ শর্মা। ‘পরিণীতা’, ‘খোশলা কা ঘোসলা’, ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’ এবং ‘দ্য ডার্টি পিকচার’–সহ বহু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×