১৪ মাসের সফর শেষ, এখানো শর্ত পূরণ হয়নি প্রিয়াঙ্কার
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৯:৩৬ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৯:৪২
পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ নিয়ে নতুন তথ্য দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, সিনেমাটি হবে সময় ও বিশ্বের বিভিন্ন প্রান্তজুড়ে বিস্তৃত এক মহাকাব্যিক অ্যাডভেঞ্চার, যেখানে তার রয়েছে একাধিক স্লো-মোশন অ্যাকশন দৃশ্য।
সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে প্রিয়াঙ্কা জানান, গত প্রায় ১৪ মাস ধরে তিনি সিনেমাটির শুটিং করছেন। রাজামৌলির মতো নির্মাতার সঙ্গে কাজ করতে সময় লাগাই স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
তবে গল্পের বিষয়ে খুব বেশি কিছু প্রকাশ না করে প্রিয়াঙ্কা বলেন, ‘এটি সময় ও পৃথিবীর বিভিন্ন প্রান্তজুড়ে বিস্তৃত এক মহাকাব্যিক অ্যাডভেঞ্চার। আর এখানে আমি অসংখ্য দুর্দান্ত স্লো-মোশন জাম্প করতে পেরেছি।’

এর আগে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, আট বছর পর ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে তিনি ভারতীয় সিনেমায় ফিরছেন।
প্রিয়াঙ্কা জানান, সিনেমাটিতে অভিনয়ের আগে তিনি রাজামৌলির কাছে একটি শর্ত দিয়েছিলেন। সেটি হল গান। অর্থাৎ সিনেমায় নাচ-গান থাকতে হবে। প্রিয়াঙ্কার ভাষায়, ‘শুরু থেকেই ভেবেছি, ভারতীয় সিনেমায় আমার প্রত্যাবর্তন যদি হয়, তাহলে সেখানে একটি গান ও নাচের দৃশ্য অবশ্যই থাকতে হবে।’
প্রিয়াঙ্কার শর্তমতে সিনেমায় একাধিক গান রেখেছেন নির্মাতা। যদিও সেই গানটির শুটিং এখনো হয়নি, তবে জটিল কোরিওগ্রাফিতে সাজানো আরেকটি নাচের দৃশ্যের শুটিং ইতোমধ্যেই শেষ করেছেন অভিনেত্রী।
বিজয়েন্দ্র প্রসাদ রচিত এবং এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় রুদ্র চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে মন্দাকিনী চরিত্রে ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন কুম্ভ চরিত্রে। ইতোমধ্যে সিনেমাটির বড় বড় অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে।
রাজামৌলির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে শুটিং শেষ হবে এবং ২০২৭ সালের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বারাণসী’। সূত্র: ইন্ডিয়া টুডে
- বিষয় :
- প্রিয়াঙ্কা চোপড়া
- বলিউড
- নতুন সিনেমা