৪২ বছর পর আবার মঞ্চের আলোয় সৈয়দ জামিল আহমেদ
নির্দেশকের আসন ছেড়ে এবার অভিনেতা, ছাত্রীর নির্দেশনায় নতুন অভিজ্ঞতার গল্প
সৈয়দ জামিল আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২১:৩২
মঞ্চের সঙ্গে তার সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি। চার দশকের বেশি সময় ধরে তিনি কখনো নির্দেশক, কখনো শিক্ষক, কখনো নাট্যভাবুক হিসেবে বাংলাদেশের নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। কিন্তু আলো-আঁধারির সেই মঞ্চেই একজন অভিনেতা হিসেবে তাকে শেষ দেখা গিয়েছিল আশির দশকে। এরপর কেটে গেছে ৪২ বছর। অবশেষে আবারও মঞ্চে ফিরছেন সৈয়দ জামিল আহমেদ। এবার একজন অতিথি অভিনেতা হিসেবে।
স্পর্ধা একাডেমির নতুন প্রযোজনা ‘গোলমাথা আর চোখামাথা’ নাটকে বিচারকের একটি অতিথি চরিত্রে অভিনয় করছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটকটির বাংলা অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু। প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন মহসিনা আক্তার।
সৈয়দ জামিল আহমেদ জানান, সর্বশেষ ১৯৮৪ সালে ‘ফণীমনসা’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় মঞ্চে অভিনেতা হিসেবে আর ওঠা হয়নি। নাটক, গবেষণা, নির্দেশনা এবং নাট্যশিক্ষার বিস্তৃত পরিসরে নিজেকে নিবেদিত রাখলেও অভিনয়ে ফেরা আর হয়ে ওঠেনি।
এই ফিরে আসার পেছনে রয়েছে আরেকটি বিশেষ অনুভূতি। কারণ, এবার তিনি কাজ করছেন তারই ছাত্রী মহসিনা আক্তারের নির্দেশনায়। এ অভিজ্ঞতা নিয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘ছাত্রীর নির্দেশনায় কাজ করছি। এটা আমার জন্য গৌরবের বিষয়। মহসিনা আমার চেয়ে ভিন্ন পদ্ধতিতে কাজ করেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই আনন্দের।’
তার মতে, এই প্রযোজনার আরেকটি বড় শক্তি হলো বিভিন্ন প্রজন্মের শিল্পীদের একসঙ্গে কাজ করা। তিনি বলেন, ‘নাটকটিতে বেবি বুমার থেকে জেন জি চার প্রজন্মের মেলবন্ধন ঘটছে।’
নির্দেশক হয়েও অভিনয়ে ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন নির্দেশকের নিয়মিত মঞ্চে অভিনয় করা প্রয়োজন। অভিনয়ের মধ্য দিয়েই শিল্পীর সংকট, সীমাবদ্ধতা ও সম্ভাবনাকে গভীরভাবে উপলব্ধি করা যায়। সেই অভিজ্ঞতা নির্দেশনার কাজকেও সমৃদ্ধ করে।
‘গোলমাথা আর চোখামাথা’ নাটকে সৈয়দ জামিল আহমেদের পাশাপাশি অভিনয় করছেন তিতাস জিয়া, ফাইযা চৌধুরী, ফাতিমা নুজহাত কাদেরী, শামস ইমন, ইভা আফরোজ খান, নুসরাত জাহানসহ একদল তরুণ ও অভিজ্ঞ শিল্পী। এর আগে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টসের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নাটকটি মঞ্চে এনেছিলেন মহসিনা আক্তার। নতুন প্রযোজনায় সেই ভাবনাকে আরও বিস্তৃত পরিসরে উপস্থাপন করা হচ্ছে।
প্রযোজনাটি মঞ্চস্থ হবে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম প্রদর্শনীর পর ২৪ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ২৫ জুলাই একই সময়ে আরও দুটি করে মোট পাঁচটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির টিকিট অনলাইন প্ল্যাটফর্ম কুইকিটে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশের সমকালীন নাট্যচর্চায় সৈয়দ জামিল আহমেদের নাম উচ্চারিত হয় এক স্বতন্ত্র নির্মাণভাষার জন্য। ‘চাকা’, ‘বিষাদসিন্ধু’, ‘এক হাজার অউর এক থি রাত’, ‘বেহুলার ভাসান’, ‘সঙ ভঙ চঙ’, ‘রিজওয়ান’, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘বিস্ময়কর সবকিছু’ এবং ‘আমি বীরাঙ্গনা বলছি’-এর মতো উল্লেখযোগ্য প্রযোজনার নির্দেশনা দিয়েছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালকও তিনি।
- বিষয় :
- সৈয়দ জামিল আহমেদ
- মঞ্চ নাটক