ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

মিসির আলী নিয়ে সিনেমায় যুক্ত আছেন তানিম নূর, পরিচালনায় অন্য কেউ

মিসির আলী নিয়ে সিনেমায় যুক্ত আছেন তানিম নূর, পরিচালনায় অন্য কেউ
×

চঞ্চল চৌধুরী ও তানিম নূর। ছবি সংগৃহীত।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১২:৪৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৩:০১

নব্বই দশকের গল্প, একঝাঁক তারকাশিল্পীর অভিনয় আর নির্মাণ মিলিয়ে ২০২৫ সালের ঈদুল আজহায় চমকে দিয়েছিল তানিম নূরের সিনেমা ‘উৎসব’। এরপরের বছরই তিনি নির্মাণ করেন বনলতা এক্সপ্রেস। মুক্তি পায় ঈদুল ফিতরে। এ সিনেমাতেও দেখা যায় একঝাঁক তারকাশিল্পীকে। দুটি সিনেমাই পর পর ব্লকবাস্টার তকমা পায়। আয়ের দিক থেকে রেকর্ডও গড়ে। তানিম নূরের প্রতিও দর্শকের প্রত্যাশার পারদ বেড়ে যায়। কারণ যে সময়টায় তানিম নূরের সিনেমা একের পর এক ব্লকবাস্টার হচ্ছিল সেই সময়ে হিন্দি ও তামিল সিনেমার আদলে একের পর এক সিনেমা নির্মিত হচ্ছিল। সেইসব সিনেমার ভিড়ে দেশীয় গল্পের এমন সিনেমা কতটা সাফল্য আসবে তা নিয়ে সবাই ছিল অন্ধকারে। সেই অন্ধকার ভেদ করেই তানিম নূর নিয়ে এলেন সাফল্যের আলোকবর্তিকা। এখন হয়তো তানিম নূরের পথে অনেকেই হাঁটবেন। তানিম নূর হাঁটবেন কোন পথে?

কারণ পর পর সাফল্যের পর তাঁর ওপর দর্শকের প্রত্যাশার চাপও আকাশচুম্বি। ঠিক এই সময়ে পরিচালক কোনো বিকল্প পথে হাঁটলেন না। হাঁটছেন সহজ-সরল ও চিরচেনা পথেই। গেল ঈদুল ফিতরে বনলতা এক্সপ্রেস তিনি নির্মাণ করেছিলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ গল্প নিয়ে। এবারও তিনি হুমায়ূন আহমেদেই ভরসা খুঁজছেন। শুক্রবার সামাজিক মাধ্যমে হুট করে খবর ছড়িয়ে পড়ে হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন এই নির্মাতা। আগামী ঈদুল ফিতরে মুক্তির জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে মিসির আলীর চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এ অভিনেতাকে এর আগেও মিসির আলী চরিত্রে দেখা গেছে। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবি’ সিনেমায় এই চরিত্রে অভিনয় করে দর্শকের বাহবা পেয়েছিলেন। নতুন মিসির আলী নির্মাণে চঞ্চলের ওপরই নাকি নিঃশ্বাস ফেলেছেন তানিম নূর।

খবরের সতত্যা যাচাই করতে যোগাযোগ করা হয় উৎসব ও বনলতা এক্সপ্রেস নির্মাতার সঙ্গে। এতেই উঠে এলো নতুন তথ্য। মিসির আলীকে নিয়ে পরবর্তী সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোলেও তাতে নির্মাতা হিসেবে থাকছেন না তিনি। তাহলে সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে তা মিথ্যা? উত্তর হবে আংশিক সত্য আর আংশিক মিথ্যা; যা নির্মাতা তানিম নূরের বয়ানেই পরিষকার হয়ে যায়। নির্মাতা বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার এত এত গল্প দিয়েছেন তাঁর প্রতিটি গল্প নিয়েই দারুণ সিনেমা ও ফিকশন হতে পারে। তাঁর গল্পের সঙ্গে দর্শক দারুণভাবে কানেক্টেড। বনলতা এক্সপ্রেস বানিয়েছি কিছুক্ষণ গল্প থেকে। উপন্যাসটা আমার অসম্ভব প্রিয়। এবার তাঁর কালজয়ী চরিত্র মিসির আলীকে নিয়ে বানানো হতে যাওয়া একটা সিনেমার সঙ্গেও আমি যুক্ত হয়েছি। তবে সিনেমাটির নির্মাতা হিসেবে আমি থাকছি না। তবে প্রজেক্টটির সঙ্গে আমি জড়িত আছি। ডিরেকশন দেবে অন্য একজন।’

তাহলে সিনেমাটির সঙ্গে কি হিসেবে যুক্ত আছেন এবং কবে নাগাদ সিনেমাটির কাজ শুরু হবে? এমন প্রশ্ন রাখলে তানিম নূর বলেন, ‘বলতে পারেন এই সিনেমার টিম মেম্বার হিসেবে আছি। সবকিছু একদিন আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দেওয়া হবে। আর সিনেমাটি যেহেতু হুমায়ূন স্যারের গল্প ও তাঁর কালজয়ী চরিত্র নিয়ে তাই এখানে কপিরাইটের একটি বিষয় রয়েছে। সেটি নিয়ে স্যারের পরিবারের সঙ্গে আলোচনা চলমান। আশা করি শিগগিরই কপিরাইট ইস্যুর সমাধান হবে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কাজ শুরু হবে সিনেমাটির।’ 
 এদিকে মিসির আলীর চরিত্রে প্রাথমিকভাবে চূড়ান্ত চঞ্চল চৌধুরী। আরও একঝাঁক তারকাশিল্পীও থাকছেন এতে। যাঁদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুন

×