ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দেশের প্রেক্ষাগৃহে বিশ্বে আলোড়ন সৃষ্টি করা চার সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে বিশ্বে আলোড়ন সৃষ্টি করা চার সিনেমা
×

‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২০:৪৩ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ২০:৪৮

দেশের রুপালি পর্দার দর্শকদের জন্য এক চরম রোমাঞ্চকর উইকেন্ড নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করা ৪টি বিগ-বাজেট সিনেমা ‘এভিল ডেড বার্ন’, ‘প্যাসেঞ্জার’, ‘টাইম হোপার্স’ ও ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘আমরা সবসময়ই বাংলাদেশের দর্শকদের একদম নতুন এবং আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই দিনে রোমাঞ্চ, ভয়, বিজ্ঞান এবং মিউজিকের এই রকম দুর্দান্ত কম্বিনেশন স্টার সিনেপ্লেক্সে আগে কখনো আসেনি। আমরা আশা করি  শুক্রবার থেকে দর্শক তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে সিনেম্যাটিক একটি সপ্তাহ কাটাবেন।’

এভিল ডেড বার্ন
এটি বিশ্ববিখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজি ‘এভিল ডেড’-এর ষষ্ঠ কিস্তি এবং ‘এভিল ডেড রাইজ’-এর সিক্যুয়েল। এটি পরিচালনা করেছেন সেবাস্তিয়ান ভানিচেক। সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন অভিনীত এই থ্রিলারটির গল্প আবর্তিত হয়েছে এক তরুণীকে কেন্দ্র করে।

প্যাসেঞ্জার
আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত এবং জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও অভিনীত এই সাইকোলজিক্যাল হরর ও সাসপেন্স থ্রিলারটি এক তরুণ কাপল ম্যাডি এবং টাইলারের গল্প বলে, যারা তাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবন ছেড়ে ভ্যান লাইফ রোড ট্রিপ অ্যাডভেঞ্চারে বের হয়। যাত্রাপথে এক নির্জন মহাসড়কে তারা একটি অত্যন্ত ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষ করে এবং আহত এক আরোহীকে বাঁচানোর চেষ্টা করার পর থেকেই আসল আতঙ্ক শুরু হয়। তারা বুঝতে পারে তারা দুর্ঘটনাস্থল থেকে একা ফিরে আসেনি, বরং ‘প্যাসেঞ্জার’ নামক এক অতিপ্রাকৃত ডেমোনিক সত্তা তাদের পিছু নিয়েছে এবং গাড়ি কিংবা ভ্যানের ভেতর আটকা পড়া অবস্থায় এক অজানা আতঙ্কের বিরুদ্ধে বেঁচে থাকার এই লড়াই দর্শকদের পুরোটা সময় সিটের কোনায় বসিয়ে রাখবে।

টাইম হোপার্স
সায়েন্স ফিকশন ও অ্যানিমেটেড ফ্যামিলি অ্যাডভেঞ্চার চলচ্চিত্রটি ভবিষ্যতের ২০৫০ সালের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। সিনেমার কাহিনীতে দেখানো হয় ‘আকলি একাডেমি’র ৪ জন অত্যন্ত প্রতিভাবান শিশু শিক্ষার্থী ভুলবশত একটি উন্নত টাইম-ট্রাভেল ডিভাইসের নিয়ন্ত্রণ হারিয়ে অতীতে—প্রাচীন সিল্ক রোডের যুগে (৮২৫ খ্রিস্টাব্দের বাগদাদে) গিয়ে আছড়ে পড়ে। সেখানে ফাসিদ নামের এক দুষ্ট ও ক্ষ্যাপা রসায়নবিদ টাইম-ট্রাভেলের ক্ষমতা কেড়ে নিয়ে পৃথিবীর ইতিহাস থেকে বিজ্ঞানের সমস্ত আবিষ্কার মুছে ফেলার ষড়যন্ত্র করলে, আধুনিক বিজ্ঞানকে রক্ষা করতে এবং ইতিহাসে স্থান পাওয়া মহান বিজ্ঞানীদের বাঁচাতে এই চার খুদে ‘টাইম হোপার’ এক দুর্দান্ত অভিযানে নেমে পড়ে। 

হিট মি হার্ড অ্যান্ড সফট
সিনেমা ইতিহাসের এক বৈপ্লবিক ফিউশন হিসেবে টাইটানিক ও অ্যাভাটারখ্যাত কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন এবং গ্লোবাল পপ সেনসেশন বিলি আইলিশ যৌথভাবে এই বিশেষ থ্রিডি কনসার্ট চলচ্চিত্রটি তৈরি করেছেন। সিনেমাটি মূলত বিশ্ব কাঁপানো ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ ট্যুরের ম্যানচেস্টারের শোকে কেন্দ্র করে নির্মিত।

আরও পড়ুন

×