শুরু হচ্ছে চার দিনের নজরুল নাট্যোৎসব
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৪:৩৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির বেশকিছু নাটক নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে আগামীকাল ২৫ জুলাই থেকে শুরু হবে এ আয়োজন।
চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে বাঁশরী। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক জয় হোক’ ম্লোগান নিয়ে এ নাট্যোৎসবে পরিবেশিত হবে কবি নজরুল ইসলামের দশটি নাটক।
নাট্যোৎসবের উদ্বোধনী আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বিকেল ৫টায়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহিন।
বাঁশরী’র প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়ন হবে সাজ্জাদ সাজু নির্দেশিত বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত নাটক ‘বনের মেয়ে পাখি’।
রায় নগরের পাহাড় ও জঙ্গলাকীর্ণ পথে বাঘের আনাগোনা থাকে সবসময়। এমন এক পথে পালকিবাহী বেহাড়া দল বাঘের আক্রমণের শিকার হয়। পালকি রেখে তারা জানের মায়ায় ছুটে চলে দিগ্বিদিক। পালকির ভেতরে নারী কণ্ঠের আর্তনাদে ছুটে আসে সাপুড়ে ভগু লাল। বাঘের সঙ্গে লড়াই করে উদ্ধার করে নারী একমাত্র শিশুকন্যাকে, কিন্তু শিশুটির মাকে বাঁচাতে পারে না ভগু লাল। শিশুটিকে বুকে আগলে তাকে বড় করার দায়িত্ব নেয় সে। তার নাম রাখে পাখি, বনের মেয়ে পাখি। সর্পদেবী মনসার কৃপায় শিশুকন্যা পাখি পেয়ে যায় যে কোনো ব্যাধি সারাবার ক্ষমতা; আর পেয়ে যায় তার জীবন সাথী সুজনকে। মনসার বলে প্রাপ্ত ক্ষমতা পাখিকে নিয়ে চলে তার হারানো পরিচয় পুনরুদ্ধারের পথে। এগিয় যায় এ নাটকের গল্প। এতে অভিনয় করেছেন স্বাগতা কামরুল হাসান, শামীমা শওকত লাভলী, জুবায়ের জাহিদ, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, মেহমুদ সিদ্দিকী, মাঈশা নাওয়ার দ্যুতিসহ আরও অনেকে।
এ ছাড়াও গোলাম সারোয়ার নির্দেশিত-বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত নাটক আলেয়া, সোনিয়া খান নির্দেশিত-বরিশাল শিশু থিয়েটার প্রযোজিত নাটক পুতুলের বিয়ে, ধীমানচন্দ্র বর্মন নির্দেশিত-রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় প্রযোজিত নাটক ‘বউয়ের বিয়ে’, নূর হোসেন রানা নির্দেশিত জেনেসিস লিটল থিয়েটার গ্রুপ প্রযোজিত নাটক ‘সকাল বেলার পাখি’, গোলাম সারোয়ার নির্দেশিত বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত নাটক ‘সেতু-বন্ধ’, শাহানা মনি নির্দেশিত সিরাজগঞ্জের বেলকুচি মাতৃভূমি কালচারাল একাডেমি প্রযোজিত নাটক পুতুলের বিয়ে, হাসান ফেরদৌস নির্দেশিত বহর নাট্য নৃত্যদল প্রযোজিত ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’, নৌশিন নাওয়ার মাসুদ পৃথিবী নির্দেশিত কুষ্টিয়ার ভোর হলে কুষ্টিয়া প্রযোজিত নাটক ‘পুতুলের বিয়ে’।
শামীমা আক্তার মুক্তা নির্দেশিত মেঠোপথ থিয়েটার প্রযোজিত নাটক ‘হারাধনের বিয়ে’ এর মঞ্চায়ন হবে। উৎসবে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মূল হল প্রাঙ্গণে মঞ্চে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা।
এতে অংশ নেবে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ, কাব্য কুহক, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সমন্বয় পরিষদ, বাঁশরীর শিল্পীবৃন্দ, সুরনন্দন-নজরুলসংগীত চর্চাকেন্দ্র, গেন্ডারিয়া কিশলয় ললিতকলা কেন্দ্র, জেমস অফ নজরুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা, গ্রহস্বর, কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমি খিলগাঁও শাখাসহ আরও অনেক নজরুল গবেষণা প্রতিষ্ঠান।
সব আয়োজন সঞ্চালনায় থাকছেন টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপা। উৎসব আয়োজন প্রসঙ্গে বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, ‘কবি নজরুল ইসলামের অগণিত নাটকের সঙ্গে দর্শক শ্রোতাকে পরিচিত করে তুলবার ধারাবাহিকতায় এবারে দ্বিতীয়বারের মতো আমাদের ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করেছি। ’
উৎসব সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার বলেন, ‘লুপ্তপ্রায় লেটো শিল্প আঙ্গিককে নাগরিক সমাজে উপস্থাপন এবং কবি নজরুল ইসলামের নানা সৃষ্টিকর্ম তুলে ধরতেই চারদিন ব্যাপী নাট্যেৎসবের আয়োজন।আশা করছি, এবারও দর্শকের বেশ সাড়া পাব।’ ২৮ জুলাই শেষ হবে এ উৎসব।
- বিষয় :
- মঞ্চ নাটক