ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

গান-অভিনয় নিয়ে এই সময়ের পড়শী

গান-অভিনয় নিয়ে এই সময়ের পড়শী
×

সাবরিনা পড়শী

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৫:৫৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৫:৫৯

গানের সূত্র ধরে পরিচিতি ও জনপ্রিয়তা সাবরিনা পড়শীর। তারপর একে একে অভিনেত্রী, মডেল, সঞ্চালক, রিয়েলিটি শো বিচারক–এমন অনেক পরিচয় যুক্ত হয়েছে তাঁর নামের পাশে। তবে জনপ্রিয়তাকে পুঁজি করে যে কোনো কাজ করতে নারাজ এই তারকাশিল্পী। যে কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভিন্নরকম আয়োজন তুলে ধরতে গায়কি ও অভিনয়ে বারবার নিজেকে ভাঙতে দেখা গেছে। চলতি বছরেও তাঁর ব্যতিক্রম হয়নি। যে ক’টি গান প্রকাশ করেছেন, সেখানে শ্রোতারা পেয়েছেন নতুনত্বের স্বাদ।

অভিনয়েও বৈচিত্র্যপূর্ণ চরিত্রের সুবাদে কুড়িয়েছেন দর্শক প্রশংসা; যা থেকে স্পষ্ট গান ও অভিনয়ে নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন পড়শী। আরও একবার যার প্রমাণ মিলল সদ্য প্রকাশিত ‘যত্নে থেকো’ নাটকে তাঁর গাওয়া ‘আসমান’ গানের সুবাদে। তরুণ শিল্পী রিয়াদের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটির কথা লিখেছেন মাহবুবুর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন এম এম অর্ণব-উল ইসলাম।

এর আগে পড়শী শ্রোতার প্রশংসা কুড়িয়েছেন ‘গোলাপী’ নাটকে রিয়াদের সঙ্গে ‘প্রেমে পড়েছি’ গানে কণ্ঠ দিয়ে। স্নেহাশীষ ঘোষের কথা ও শাহরিয়ার মার্সেলের সুর সংগীতের এই গানটি শ্রোতা মনে এখনও অনুরণন তুলে যাচ্ছে। একইভাবে চলতি বছর প্রকাশিত বেলাল খান ও পড়শীর দ্বৈত গান ‘তোমার জন্য আমি’ অনেকের মনে ছাপ ফেলেছে। মেহেদী হাসান লিমনের লেখা এই গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। এ ছাড়াও সংগীতপ্রেমীর মাঝে সাড়া ফেলেছেন ‘তুই থেকে তুমি’ নাটকে ‘জোনাক জ্বলা রাতে’ গানের প্লেব্যাকে আবারও ইমরানের সঙ্গে জুটি বেঁধে। এর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন।

সুর ও সংগীতায়োজনও করেছেন শিল্পী ইমরান মাহমুদুল। এর আগে ইমরান-পড়শী জুটি শ্রোতা মনে স্থায়ী আসন করে নিয়েছে ‘জনম জনম’, ‘আবদার’, ‘জয় হবেই হবে’, ‘দ্বিতীয় জীবন’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘এক দেখায়’, ‘নয়নের মনি’, ‘বলে দাও’, ‘কথা একটাই’সহ আরও বেশকিছু দ্বৈত গান প্রকাশ করে। পড়শীর কথায়, ইমরানের সঙ্গে এখন পর্যন্ত যতগুলো গানে জুটি বেঁধেছেন, তার সবই শ্রোতারা পছন্দ করেছেন। অডিওর গানের বাইরে যখন প্লেব্যাকে জুটি হয়েছেন, তখনই সংগীতপ্রেমীদের কাছে একইরকম সাড়া পেয়েছেন।

অন্যদিকে শ্রোতাও চান, জুটি হিসেবে প্রতিনিয়ত নতুন কিছু তুলে ধরা। তবে ইমরানের সঙ্গে একাধিক গান করলেও এ বছর পড়শীকে রিয়াদের পাশাপাশি নতুন জুটি গড়তে দেখা গেছে শিল্পী তানজীব সারোয়ারের সঙ্গে। ‘প্রেমের বিকাশ’ টিকটক সিরিজে তাদের গাওয়া ‘একটু করে আমার হয়ে যা’ অনেকে পছন্দ করেছেন। এ ছাড়াও অনেকের প্রত্যাশা পূরণ করেছে আরফিন রুমির সঙ্গে গাওয়া ‘কি জাদুতে’সহ আরও বেশ কিছু গান। যে গানগুলো পড়শীকে তুলে এনেছে সময়ের আলোচিত শিল্পীদের কাতারে।

গানের পাশাপাশি অভিনেত্রী হিসেবে জনপ্রিয় তারকাদের সারিতে জায়গা করে নিয়েছেন পড়শী। মাত্র কয়েক বছরের অভিনয় ক্যারিয়ারে ‘মন প্রিয়া’, ‘শাদি মোবারক’, ‘ফেরারি মন’, ‘মনেরই রঙে রাঙিয়ে’, ‘পারবো না ছাড়তে তোকে’, ‘এ আই লাভ’, ‘ভালোবাসার তিন দিন’, ‘লাভ স্টেশন’, ‘ভালোবাসি তোমাকে’, ‘মন জুড়ে’, ‘প্রথম ভালোবাসা’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে তিনি সুনাম অর্জন করেছেন।

পড়শীর কথায়, ‘কণ্ঠশিল্পীর পাশাপাশি অভিনেত্রী হিসেবে দর্শকের মনে জায়গা করে নিতে পারায় একদিকে যেমন ভালো লাগা কাজ করে, তেমনি ভালো কিছু দেওয়ার দায়বদ্ধতাও এসে যায়। তাই গানেও যেমন নতুন কিছু করার প্রয়াসে নিরীক্ষা চালিয়ে যাচ্ছি, তেমনি অভিনয়ের জন্য বেছে নিচ্ছি ভিন্নরকম গল্প ও চরিত্র। এ কথা সত্যি যে, অভিনয়ের জন্য প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়ানো হয়ে উঠবে না। তবু চাইব, যখন যা কিছু করি, তা দিয়ে যেমন দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণ করা যায়। এই ভাবনা নিয়ে ধীর পায়ে পথ চলছি।’

আরও পড়ুন

×