অভিনেতা মাইক প্রেস্টন মারা গেছেন
মাইক প্রেস্টন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৪:৪১
হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’-এ পাপ্পাগালো চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া অভিনেতা মাইক প্রেস্টন মারা গেছেন। গত ৮ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ব্যক্তিগত জীবনে স্ত্রী জোসি প্রেস্টন ও দুই মেয়েকে রেখে গেছেন প্রয়াত এই অভিনেতা।
অভিনেতার মৃত্যুর দেড় মাস পর মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে স্বামীর মৃত্যুর খবরটি জানন তার স্ত্রী জোসি প্রেস্টন।
মাইক প্রেস্টনের আসল নাম ছিল জ্যাক ডেভিস। অভিনয়ে আসার আগে তিনি সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৫০-এর দশকের শেষ দিকে যুক্তরাজ্যের সংগীত জগতে তাঁর তিনটি গান শীর্ষ ৪০–এর তালিকায় জায়গা করে নেয়। পরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং নাইটক্লাবের গায়ক ও পারফর্মার হিসেবে কাজ শুরু করেন।
পরবর্তীতে উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা পান মাইক। অস্ট্রেলিয়ার টেলিভিশন অনুষ্ঠান ইন মেলবোর্ন টুনাইট সঞ্চালনার পর অভিনয়ে নিয়মিত হন তিনি। দীর্ঘদিন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি সিরিজ হোমিসাইড-এ গোয়েন্দা বব ডেলানি চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া ‘বেলবার্ড’, ‘ডিকসন অব ডক গ্রিন’, ‘টান্ডারা’, ‘চপার স্কোয়াড’ ও ‘কপ শপ’সহ একাধিক টিভি সিরিজে দেখা গেছে তাকে।
১৯৬৯ সালে স্টোনি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে পরিচালক জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান। এছাড়া মেটালস্টর্ম: দ্য ডেস্ট্রাকশন অব জ্যারেড-সিন এবং টিভি সিরিজ হট পারস্যুট-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
আশি ও নব্বইয়ের দশকে এলেন, স্কেয়ারক্রো অ্যান্ড মিসেস কিং, এলিয়েন নেশন, হাইল্যান্ডার, ল অ্যান্ড অর্ডারসহ একাধিক জনপ্রিয় টিভি সিরিজে অতিথি শিল্পী হিসেবে কাজ করেন তিনি।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ভিডিও গেম দ্য গেটঅ্যাওয়ে-এ কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ারের শেষ কাজ সম্পন্ন হয়। সূত্র: ভ্যারাইটি
- বিষয় :
- অভিনেতা
- মারা গেছেন