ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

জুলাইয়ের চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা 

জুলাইয়ের চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা 
×

প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি- সমকাল

‎সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৪:৩৩

‎জুলাই এর চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, জুলাই এর চেতনা মানে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা ও সুশাসন প্রতিষ্টা করা। জুলাইয়ের চেতনা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে যাতে ব্যবহার না করতে পারে সেই দিকেও সতর্ক থাকতে হবে। 

‎শনিবার সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‎প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জুলাইয়ের শিক্ষা হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। জুলাইয়ের স্তম্ভ হল— বৈষম্যের অবসান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জাতীয় সংহতি ও পুনর্মিলন।

‎তিনি আরও বলেন, আমরা বিজয়ীর বেশে থাকবো। আমরা বিজয়ী জাতি। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবো না। যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিলেন তাদের কোনভাবে প্রমোশন দেওয়া হবে না। পাশাপাশি মেজর সিনহা হত্যার রায় দ্রুত কার্যকর করা হবে।

‎রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আরও অনেকে।

আরও পড়ুন

×