ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

গুজব ও অপতথ্য প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গুজব ও অপতথ্য প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
×

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৫:৪৬ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৫:৫৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ‘অমিত্রাক্ষর’ আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যে সমাজে বাবা-মায়েরা কম লেখাপড়া করেছেন, সেখানেও নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ ছিল। দুর্ভাগ্যের বিষয়, একুশ শতকে এসে সবাই আধুনিক হয়েছে কিন্তু নৈতিক শিক্ষা নিঃশেষ হয়ে গেছে’।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় দক্ষ করে তুললেই হবে না, তাদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এ ধরনের অপপ্রচার বাড়ছে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নৈতিক শিক্ষার চর্চা জোরদার করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ইসলামের নামে কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে সমাজে কেউ যেন বিভক্তি রেখা টানতে না পারে—এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইমাম পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নিয়মিত যোগাযোগ বাঞ্ছনীয়। এতে সহজেই অনেক সমস্যার সমাধান সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তি, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে গুজব ও অপতথ্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাব-ইন্সপেক্টর অলক কুমার দে, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দু মান্নান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ সান।

আরও পড়ুন

×