ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

চুল পড়া বন্ধে ঘরেই বানান মিষ্টি কুমড়ার বীজের তেল

চুল পড়া বন্ধে ঘরেই বানান মিষ্টি কুমড়ার বীজের তেল
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৬:০২

চুল পড়া বন্ধে অনেকেই অনেক ধরনের তেল, হেয়ার প্যাক ব্যবহার করেছেন। নিয়েছেন হেয়ার ট্রিটমেন্ট। তবুও কাঙ্ক্ষিত ফল পাননি। যারা চুলের যত্নে নতুন এবং প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা করতে চান তারা মিষ্টি কুমড়ার বীজের তেল ব্যবহার করতে পারেন। চুল পড়া বন্ধে এই তেলের উপকারিতা জেনে অবাক হবেন। এই তেলে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ভিটামিন ই। এই উপাদানগুলো চুলের গোড়া মজবুত করতে, চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সহায়তা করে। 

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ায় আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে কুমড়োর বীজের তেল ব্যবহারকারীদের চুলের ঘনত্ব প্লাসিবো গ্রুপের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছিল।

কেন উপকারী?
ভিটামিন ই সমৃদ্ধ: এটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে এবং দূষণ, সূর্যের অতিবেগুনি রশ্মি ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে চুলের ফলিকলকে সুরক্ষা দেয়।

জিঙ্ক ও ম্যাগনেশিয়ামের উৎস: জিঙ্ক চুলের গোড়ার স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, আর ম্যাগনেশিয়াম কেরাটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা চুলকে শক্তিশালী করে।

স্ক্যাল্পের সুরক্ষা: এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য মাথার ত্বকের চুলকানি, লালচে ভাব ও খুশকির মতো সমস্যা কমাতে সহায়ক হতে পারে।

বাড়িতে বানাবেন যেভাবে 

উপকরণ: আধা কাপ কুমড়ার বীজ, ১ কাপ নারকেল তেল বা সুইট আমন্ড অয়েল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
প্রণালি: প্রথমে কুমড়ার বীজ কম আঁচে ২-৩ মিনিট ভেজে নিন। এরপর মোটা করে গুঁড়ো করুন। এবার ডাবল বয়লার পদ্ধতিতে তেল গরম করে তাতে বীজের গুঁড়া মিশিয়ে ৩০-৪৫ মিনিট অল্প আঁচে রান্না করুন। সম্পূর্ণ ঠান্ডা হলে মসলিন কাপড়ে ছেঁকে গাঢ় রঙের কাচের বোতলে সংরক্ষণ করুন। এভাবে তেল প্রায় ২-৩ মাস ভালো থাকে।

ব্যবহারবিধি
সপ্তাহে একদিন ৫-১০ মিনিট মাথার ত্বকে হালকা হাতে ম্যাসাজ করুন। তেল লাগিয়ে সারারাত রেখে পরদিন হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ২-৩ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি চুল পড়া কমাতে সহায়ক হতে পারে। অ্যালোভেরা জেল ও টক দইয়ের সঙ্গে মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করেও ব্যবহার করতে পারেন। 

সূত্র: এইসময়

আরও পড়ুন

×