ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

উখিয়ায় ৪৫০০ পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

উখিয়ায় ৪৫০০ পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক
×

সংগৃহীত ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৭:৩৪

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. হাফেজ উল্লাহ (হাফিজ উল্লাহ) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধঘোষিত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ইনানী মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হাফেজ উল্লাহর কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্যসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাফেজ উল্লাহর বিরুদ্ধে এর আগেও আন্তর্জাতিক ও আন্তজেলা মাদক পাচারের একাধিক গুরুতর অভিযোগ ছিল। গত ১৯ ফেব্রুয়ারি ২০২৩ সালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় র‍্যাব-৭-এর এক অভিযানে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস থেকে তাঁকে আটক করা হয়। সে সময় তাঁর ব্যবহৃত ট্রলি ব্যাগ থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান এনে চট্টগ্রামে বিক্রির কথা স্বীকার করেছিলেন। পরে তাঁকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধঘোষিত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর বলেন, হাফেজ উল্লাহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফা। তিনি ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৩ সালে চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়ার ঘটনায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে গঠিত নতুন কমিটিতেও তিনি আর স্থান পাননি।

আরও পড়ুন

×