বাঁশরী নজরুল নাট্যোৎসবের সমাপনীতে আজ ‘হারাধনের বিয়ে’
হারাধনের বিয়ে নাটকের দৃশ্যে।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৩:৫১ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১৩:৫৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল এবং স্টুডিও থিয়েটার হলে গত ২৫ জুলাই থেকে চলছে চারদিন ব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। দ্বিতীয়বারের মতো আয়োজিত উৎসব শেষ হচ্ছ আজ ২৮ জুলাই। এটি আয়োজন করছে বাঁশরী– একটি নজরুল চর্চা কেন্দ্র। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক’ উৎসব স্লোগান নিয়ে নাট্যোৎসবে পরিবেশিত হচ্ছে নজরুল ইসলামের দশটি নাটক।
আজ স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে শামীম আক্তার মুক্তা নির্দেশিত, মেঠোপথ থিয়েটার প্রযোজিত নাটক ‘হারাধনের বিয়ে’
হারাধনের বিয়ে নাটকে অভিনয় করেছেন মো. কবির উদ্দিন আহমেদ, শামীমা আক্তার মুক্তা, ফিরোজ ফারজান, মিরান উদ্দিন আলফা, হুমায়রা সরিকা, মো. আরিফুল ইসলাম রবিন, লুৎফুর নাহার মাসুমা, রেজাউল করিম রেজা, রায়হান আহমেদ অর্ক প্রমুখ। বিশিষ্ট সংগীতশিল্পী শারমিন জাহান ঐতিহ্যবাহী লোটোগানের সুর সংরক্ষণ ও পুনরুদ্ধারে সহযোগিতা করেছেন।
নাটকটি নিয়ে নির্দেশক শামীমা আক্তার মুক্তা বলেন, লেটোগান বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা। যাত্রাগানের মতো লেটোগানও গান, নৃত্য, অভিনয় ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে পালা আকারে পরিবেশিত হয়। সাধারণত বন্দনা দিয়ে লেটোগানের সূচনা হয়। এরপর বিভিন্ন চরিত্র ও নামে নট-নটীরা গান, নৃত্য ও অভিনয় পরিবেশন করেন। শৈশবে কাজী নজরুল ইসলাম লেটোদলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তবে যথাযথ চর্চার অভাবে আজ লেটোগানের সুর, তাল ও পরিবেশনা ক্রমেই হারিয়ে যাচ্ছে। তাই বিভিন্ন তথ্য, সূত্র ও উপস্থাপনার ধারণার ভিত্তিতে মেঠোপথ থিয়েটার নজরুল ইসলামের লেটোগান ‘হারাধনের বিয়ে’ নতুনভাবে মঞ্চে উপস্থাপন করেছি।’
- বিষয় :
- মঞ্চ নাটক