বিচ্ছেদ মামলার নতুন মোড়, কোন পথে এগোলেন গোবিন্দর স্ত্রী
গোবিন্দ ও সুনীতা আহুজা। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৭:৫১ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ১৮:১৩
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান হয়েছে। সুনীতা আনুষ্ঠানিকভাবে আদালত থেকে তার বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছেন গোবিন্দর ম্যানেজার শশী সিনহা।
২০২৪ সালের ৫ ডিসেম্বর হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর অধীনে বান্দ্রা ফ্যামিলি কোর্টে গোবিন্দর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। আবেদনে তিনি পরকীয়া, মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে আজ শশী সিনহা জানান, সুনীতা আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। তবে সেটি নিয়ে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এবার তিনি আনুষ্ঠানিকভাবে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।
শশী বলেন, ‘জানি না তার কী হয়েছিল, তবে তিনি আনুষ্ঠানিকভাবে আবেদনটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। আগে তিনি আবেদন করেছিলেন, কিন্তু সেটির ওপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন তিনি আইনিভাবে মামলাটি ফিরিয়ে নিয়েছেন।’

ম্যানেজার আরও জানান, বিষয়টি নিয়ে গোবিন্দ প্রকাশ্যে কথা বলতে চান না। তবে সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে প্রকাশ্যে যে ধরনের মন্তব্য-পাল্টা মন্তব্য হয়েছে, সেটিকে ‘নোংরা’ পরিস্থিতি বলে উল্লেখ করেন তিনি।
শশীর ভাষায়, ‘সুনীতাকে নিয়ে অনেক বদনাম হয়েছে। তবে এতে স্যারের কোনো ক্ষতি হয়নি, তার তারকাখ্যাতি অটুট রয়েছে। তিনি যদি সত্যিই আবেদনটি প্রত্যাহার করতে চাইতেন, তাহলে বিষয়টি এত দূর গড়ানো উচিত ছিল না। তবে এখন ভালো হয়েছে। আশা করা যায়, সামনে কিছুটা সুখ ও শান্তির সময় আসবে।’
এর আগে বুধবার ছেলে যশবর্ধন আহুজাকে সঙ্গে নিয়ে বান্দ্রা ফ্যামিলি কোর্টে দেখা যায় সুনীতাকে। আদালত থেকে বের হওয়ার সময় আলোকচিত্রীদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তবে সেখানে যাওয়ার কারণ স্পষ্ট করেননি। বরং মজা করে বলেন, ‘জন্মদিন উদ্যাপন করতে এসেছি।’
সুনীতার আদালতে যাওয়ার ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন গোবিন্দর সঙ্গে তার দাম্পত্যজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি গোবিন্দর সঙ্গে অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের কিছু ছবি নিয়ে প্রশ্ন তোলেন সুনীতা। এমনকি স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মেয়ের বয়সের কাছাকাছি এক নারীর সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলেন।

সুনীতার এসব মন্তব্যের পর ভিডিও বার্তা দিয়ে প্রতিক্রিয়া জানান গোবিন্দ। প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে স্ত্রীকে সতর্ক করে তিনি তাকে নিজের সীমা লঙ্ঘন না করার পরামর্শ দেন। একই সঙ্গে পডকাস্টে গিয়ে তাকে অপমান করার অভিযোগও তোলেন।
গোবিন্দ ও সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালের মার্চে। তাদের দুই সন্তান—মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন আহুজা। সূত্র: ইন্ডিয়া টুডে
- বিষয় :
- গোবিন্দ
- সুনীতা আহুজা
- বিচ্ছেদ