আলোচিত-সমালোচিত ও বিভিন্ন ভাইরাল চরিত্র আসছে পর্দায়
মামুনুর রশীদ ও স্যামন্তি ডি-কস্তা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২০:১৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ২০:১৮
হাস্যরসাত্মক গল্প, নানা নাটকীয়তা আর সমসাময়িক বাস্তবতার মিশেলে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমরা ভাইরাল’। ৫২ পর্বের এ ধারাবাহিক নাটকটির গল্প, এর পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। রচনা করেছেন আল আমিন স্বপন।
দর্শকদের বিনোদনের পাশাপাশি হাসির নানা উপাদানে সাজানো হয়েছে নাটকটির গল্প।
‘আমরা ভাইরাল’-এ অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভকে।
নাটকটির শুটিং হয়েছে পুবাইলে একটি শুটিং হাউস ও একটি রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালারের দায়িত্বে ছিলেন লিঙ্কন। আবহ সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নাটকটি প্রসঙ্গে বরেণ্য অভিনেতা মামুনূর রশীদ বলেন, ‘নাটকের গল্পটি অন্যরকম। এতে হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে ভিন্নভাবে তুলে ধরেছেন নির্মাতা। অনেকদিন পর এ রকম একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং হাসির পাশাপাশি গল্পের বিষয়গুলোও উপভোগ করবেন।’
নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘সমাজের আলোচিত, সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র নিয়ে নাটকটি বানিয়েছি। তরুণ ও গুণী শিল্পীরা অভিনয় করেছেন এতে। হাস্যরসের পাশাপাশি এতে বক্তব্যও রয়েছে। দর্শকের এটি ভালো লাগবে বলে আশা করছি।’
‘আমরা ভাইরাল’ টেলিভিশনে বাংলাভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেমেও প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নির্মাতা ও শিল্পীদের প্রত্যাশা, ব্যতিক্রমী হাস্যরসাত্মক গল্পের কারণে নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলবে।
- বিষয় :
- মামুনুর রশীদ
- নাটক