বিচ্ছেদের পর বাদশাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঈশার
বাদশাহ ও ঈশা রিখী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৯ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৩
‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে শিগগিরই দেখা যেতে পারে অভিনেত্রী ঈশা রিখীকে। এর মধ্যেই র্যাপার বাদশাহর সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। মার্চ থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। ঈশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করার পর সেই আলোচনা আরও জোরালো হয়।
‘বিগ বস ২০’-এর সম্প্রচারের আগে এক সাক্ষাৎকারে প্রথমবার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ঈশা। অভিনেত্রী জানান, শুরু থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। ব্যক্তিগত জীবনকে কখনোই প্রকাশ্য আলোচনার বিষয় বানাতে চাননি তিনি। তবে পুরো অভিজ্ঞতাটি তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল। এমনকি বারবার নিজেকেই প্রশ্ন করেছেন, ‘আমি কী ভুল করেছিলাম?’
ঈশার ভাষ্য, তিনি যাকে ভালোবাসতেন এবং তাদের সম্পর্ক—দুটিই রক্ষা করার চেষ্টা করেছিলেন। দুজন মানুষের ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে এনে কোনো ধরনের নাটকীয় পরিস্থিতি তৈরি করতে চাননি। কিন্তু তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ঈশা নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করলেও তাঁর মা সেগুলো প্রকাশ্যে আনেন।

এ নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার তার ঝগড়াও হয়েছিল বলে জানান অভিনেত্রী। তবে পরবর্তী সময়ে তিনি উপলব্ধি করেন, যা হওয়ার হয়ে গেছে এবং বিষয়টি আর তার নিয়ন্ত্রণে নেই।
সেই সময় ভীষণ ভয় পেয়েছিলেন ঈশা। কারণ, তার মা এক ধরনের কথা বলছিলেন, অন্যদিকে বাদশাহর বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ফলে পুরো পরিস্থিতি নিয়ে নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।
ঈশার কথায়, ‘ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেকবার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম—আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’
তাকে প্রশ্ন করা হয়, তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন? জবাবে ঈশা বলেন, ‘প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’
এখন পর্যন্ত ঈশার এই বক্তব্যের বিষয়ে বাদশাহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ‘বিগ বস ২০’-এ ঈশার অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসার পর তার ব্যক্তিজীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: আনন্দবাজার অনলাইন
- বিষয় :
- বিনোদন
- সংগীত
- র্যাপার বাদশা