তবে কি সুপারহিরো হতে যাচ্ছেন আমির খান
আমির খান। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২২
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবার কি সুপারহিরোর চরিত্রে হাজির হতে যাচ্ছেন– এমন গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে। বলা হচ্ছে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কির একটি বড় বাজেটের সুপারহিরো সিনেমায় অভিনয়ের জন্য আমির খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিনেমার প্রস্তাবে অভিনেতা আগ্রহও দেখিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে এর চিত্রনাট্য তৈরির কাজ চলছে। আমির খানের সহযোগিতাতে নাকি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতারা।
আনুষ্ঠানিকভাবে চুক্তি না হলেও আগামী কয়েক মাস গল্প, চিত্রনাট্য ও প্রধান চরিত্রগুলো আরও পরিণত করার কাজে ব্যয় করা হবে। বড় পরিসরে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা থাকায় প্রোডাকশন ডিজাইন ও ছবিটির সামগ্রিক রূপ নিয়েও বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে।
আমির খান শেষ পর্যন্ত সিনেমাতে অভিনয় করলে এটি হবে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কির সঙ্গে তার প্রথম কাজ। সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এখনো একসঙ্গে কোনো সিনেমাতে কাজ করেননি তারা।
আর বাল্কি ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’, ‘কি অ্যান্ড কা’, ‘প্যাডম্যান’, ‘চুপ’, ‘লাস্ট স্টোরিজ ২’ ও ‘ঘুমর’-এর মতো ছবি পরিচালনা করেছেন। তার পরিচালিত বেশ কয়েকটি সিনেমা অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। তবে বলিউডের তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খানের কারও সঙ্গেই এখনো কাজ করা হয়নি তার।
২০১৭ সালের এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছিলেন আর বাল্কি। তখন তিনি বলেছিলেন, খানদের নিয়ে সিনেমা বানাতে গেলে অনেক সময় লেগে যেতে পারে।
তার ভাষ্য, ‘এখন যদি আমি তাদের সঙ্গে একটি চলচ্চিত্র তৈরির কথা ভাবি, তাহলে শুরু করতে করতে আমার বয়স অনেক বেড়ে যাবে... আমি বরং বাস্তববাদী থাকতেই পছন্দ করব।’
এদিকে আমির খানের হাতে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। আশুতোষ গোয়ারিকরের ‘লালকার’ সিনেমায় তাকে দেখা যাওয়ার কথা। ১৯৫২ সালের ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে নির্মিত এই পিরিয়ড স্পোর্টস ড্রামায় লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এরপর রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলেও কাজ শুরু করতে পারেন আমির। ২০০৯ সালে মুক্তি পাওয়া মূল ছবিটিতে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন আর মাধবন, শরমন জোশি, কারিনা কাপুর ও বোমান ইরানি। সূত্র: হিন্দুস্থান টাইমস