আবার বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
জেমিমা গোল্ডস্মিথ ও ক্যামেরন ও'রেইলি। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৯ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবার বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী ক্যামেরন ও'রেইলিকে রোববার বিয়ে করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদ্যাপন করছি। আমার প্রিয় মানুষদের সঙ্গে আনন্দের দিন!’
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, তথ্যচিত্র ও চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় ক্যামেরন ও'রেইলের সঙ্গে জেমিমার পরিচয় হয়। ক্যামেরন আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী ও আন্তর্জাতিক রাগবি তারকা প্রয়াত স্যার অ্যান্থনি ও'রেইলের ছেলে।
জেমিমা ও ক্যামেরন প্রথমে বেশ কিছুদিন বন্ধু ছিলেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে তাদের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন। গত মে মাসে তাদের বাগদানের খবর প্রকাশ করে ডেইলি মেইল।
পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র নির্মাতা জেমিমা কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এর মধ্যে ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’ চলচ্চিত্রটিকে তিনি পাকিস্তানের প্রতি তার ‘ভালোবাসার চিঠি’ হিসেবে বর্ণনা করেন।
ক্যামেরন ও'রেইলের আগের সম্পর্কে থেকে চার সন্তান রয়েছে। অন্যদিকে ইমরান খানের সঙ্গে জেমিমার দুই ছেলে-কাসিম ও সুলাইমান। ১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেছিলেন জেমিমা। প্রায় এক দশক পর ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পরও জেমিমা তার প্রতি সমর্থন জানিয়ে আসছেন। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে যাচ্ছেন তিনি।
সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাগারে যান। গত বছরের ডিসেম্বরে আরও কয়েকটি মামলায় তার সাজা হয়।মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি। সূত্র: ডন