পারিবারিক টানাপোড়েনের গল্পে প্রিয়ন্তি
প্রিয়ন্তি উর্বি
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৬:১৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১৬:২২
কিছুদিন আগে ভিন্নরকম গল্পের দুই নাটক ‘বউ পালানোর পরে’ ও ‘দাদি ভয়ংকর’-এ অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন অভিনেত্রী প্রিয়ন্তি উর্বি। এর রেশ কাটতে না কাটতে অভিনেত্রী এবার দেখা দিলেন পারিবারিক টানাপোড়েনের নতুন এক নাটকে। নাম ‘অজানা মায়া’। এর কাহিনি লিখেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন এল আর সোহেল। এতে প্রিয়ন্তি জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা সাদ নাউভির বিপরীতে। এ জুটির পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া, শিল্পী সরকার অপু, পারভেজ সুমন, নয়নতারা, জি এম মাসুদ, শফিকুল আলম শামীম, মামুন খান, রেশমী নিশি প্রমুখ।
নাটকের কাহিনি গড়ে উঠেছে রাতুল নামে এক তরুণের পরিবারকে কেন্দ্র করে। এতে দেখা যায়, নিম্ন মধ্যবিত্ত রাতুলের বাবা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অন্যদিকে রাতুলও চাকরি খুঁজে হয়রান। অন্যদিকে প্রেমিকা হিয়ানার বিয়ে ঠিক হয়েছে; যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত জন্ম নিতে থাকে নতুন সব ঘটনা। এমন কাহিনি নিয়ে নির্মিত ‘অজানা মায়া’ নাটকটি সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
অভিনেত্রী প্রিয়ন্তি উর্বির কথায়, এ নাটকের চরিত্রগুলোয় আছে চেনা জীবন ও আশপাশের মানুষদের ছায়া। সমাজ বাস্তবতা নিয়ে রচিত এর গল্প দারুণভাবে মনে আঁচড় কাটে। সে কারণে অভিনয়ের জন্য এ নাটকটি বেছে নিয়েছেন। এর গল্প ও চরিত্রগুলো অনেকের মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
- বিষয় :
- নাটক