শৈশবের পূজার সেই স্মৃতি আজও মনে গেঁথে আছে: মন্দিরা
মন্দিরা চক্রবর্তী। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২০:৩১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ২০:৩৪
শৈশবের পূজায় যে উচ্ছ্বাস ছিল, বড়বেলায় তা জায়গা করে নেয় অন্য রকম ভালো লাগায়। কারও কাছে মণ্ডপে ঘুরে বেড়ানো, কারও কাছে মেলা, আবার কারও কাছে দেবী দুর্গার প্রতিমার শৈল্পিক সৌন্দর্যই হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র।
চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তীর কাছেও পূজার আনন্দের সঙ্গে জড়িয়ে আছে শৈশবের এক বিশেষ স্মৃতি—গ্রামের বাড়িতে প্রতিমা সাজানোর কাজে মাকে সাহায্য করা।
মন্দিরা জানান, প্রতিবছর দুর্গাপূজায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য মুখিয়ে থাকতেন তিনি। বিশেষ করে প্রতিমা তৈরির সময়টি ছিল তাঁর কাছে ভীষণ আনন্দের। মা যখন দুর্গা প্রতিমাকে গয়না ও শাড়ি পরিয়ে সাজাতেন, তখন তিনিও মাকে সাহায্য করতেন। প্রতিমা সাজানোর সেই মুহূর্তগুলোই ছিল তাঁর শৈশবের পূজার সবচেয়ে প্রিয় অংশ।

মন্দিরা সমকালকে বলেন, ‘প্রতিবছর গ্রামের বাড়ি যাওয়ার জন্য মুখিয়ে থাকতাম; বিশেষ করে যখন দুর্গা প্রতিমা গড়া হতো। ওই সময় আমার মা প্রতিমাকে গয়না, শাড়ি পরাতেন। সে কাজে আমার মাকে সাহায্য করতাম। আর এই কাজটি ছিল সবচেয়ে ভালো লাগার। তাই অপেক্ষায় থাকতাম, কখন প্রতিমা সাজানো হবে।’
শুধু শৈশবের স্মৃতিই নয়, বর্তমানেও পূজার নানা আয়োজন উপভোগ করেন মন্দিরা। জগন্নাথ হলসংলগ্ন মেলায় ঘুরে বেড়ানো তাঁর পছন্দের। তবে সবকিছুর মধ্যে দুর্গা প্রতিমার শৈল্পিক সৌন্দর্যই তাঁকে বেশি টানে। প্রতিমার গড়ন, সাজসজ্জা এবং এর ভেতরে থাকা শক্তির প্রকাশ তাঁর কাছে বিশেষভাবে আকর্ষণীয়।
মন্দিরার মতো শৈশবের পূজার স্মৃতি আগলে রেখেছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, বাঁধন সরকার পূজা, অভিনেতা মনোজ প্রামাণিক ও ইয়াশ রোহানসহ বিনোদনজগতের আরও অনেকে। সময় বদলেছে, বদলেছে উৎসবের আয়োজন ও আনন্দ উপভোগের ধরন। তবু শৈশবের সেই দিনগুলোর স্মৃতি তাঁদের কাছে আজও অমলিন।

পুরোনো দিনের স্মৃতিকে সঙ্গে নিয়েই এবারের দুর্গাপূজাকে বর্ণিল আয়োজনে উদ্যাপন করতে চান তাঁরা। কারণ, উৎসবের আনন্দ কেবল বর্তমানের আয়োজনেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মিশে থাকে ফেলে আসা সময়, প্রিয়জনদের সান্নিধ্য আর জীবনের সবচেয়ে মধুর কিছু মুহূর্ত।
- বিষয় :
- মন্দিরা চক্রবর্তী
- ঢালিউড