প্রথম বিজ্ঞাপনে দেড় হাজার, এখন সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন কার্তিক
কার্তিক আরিয়ান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৪:০১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৪:১৫
একসময় বলিউডে কাজের সুযোগ পেতে ফেসবুকে অডিশনের খোঁজ করতেন কার্তিক আরিয়ান। প্রথম সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন ৭০ হাজার রুপি। কর বাবদ ৭ হাজার রুপি কেটে রাখার পর হাতে এসেছিল মাত্র ৬৩ হাজার। সেই কার্তিকই এখন বলিউডের পরিচিত মুখ। সময়ের সঙ্গে বদলেছে তাঁর অবস্থান, বেড়েছে পারিশ্রমিকও। এখন কি একটি সিনেমায় অভিনয়ের জন্য ৪০ কোটি রুপি নেন তিনি? আজ ২২ নভেম্বর অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে তার পারিশ্রমিকের উত্থান নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।
কার্তিকের প্রকৃত নাম কার্তিক তিওয়ারি। গোয়ালিয়রের এক চিকিৎসক দম্পতির সন্তান তিনি। বাবা শিশু চিকিৎসক, মা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। অভিনয়জগতে কোনো পরিচিতি বা যোগাযোগ না থাকলেও নিজের চেষ্টায় বলিউডে জায়গা করে নিয়েছেন কার্তিক।
প্রথম সিনেমার পারিশ্রমিকের কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘প্যায়ার কা পঞ্চনামা’র জন্য পেয়েছিলেন ৭০ হাজার রুপি। উৎসে কর হিসেবে কেটে নেওয়া হয়েছিল ৭ হাজার রুপি। ফলে হাতে এসেছিল ৬৩ হাজার রুপি। ২০২৪ সালের জুনে এক পডকাস্টে প্রথম পারিশ্রমিকের কথা বলতে গিয়ে কর কেটে নেওয়া নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও জানিয়েছিলেন তিনি। প্রথম বিজ্ঞাপনে কাজ করে পেয়েছিলেন দেড় হাজার রুপি।
ওই পডকাস্টে কার্তিকের কাছে জানতে চাওয়া হয়েছিল, কয়েক বছরের ব্যবধানে তাঁর পারিশ্রমিক কি এক কোটি থেকে বেড়ে সিনেমাপ্রতি ৪০ কোটি রুপি হয়েছে? প্রশ্ন শুনে প্রথমে এক কোটি রুপির হিসাবটি সংশোধন করেন অভিনেতা। জানান, অভিষেক সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন। এমনকি যে সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই ‘সোনু কে টিটু কি সুইটি’র জন্যও এক কোটি রুপি পাননি তিনি। তবে ৪০ কোটি রুপির প্রসঙ্গে হাসিমুখে সম্মতি জানিয়েছিলেন কার্তিক। যদিও কোন সিনেমার জন্য এই অঙ্কের চুক্তি করেছেন, তা স্পষ্ট করেননি।
প্রথম সিনেমার পর বড় পারিশ্রমিক পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে তাঁকে। ২০১৮ সালে মুক্তি পায় ‘সোনু কে টিটু কি সুইটি’। বলিউড হাঙ্গামার হিসাব অনুযায়ী, সিনেমাটি শুধু ভারতে প্রায় ১০৯ কোটি রুপি নিট ব্যবসা করেছিল। কার্তিকের ভাষ্য অনুযায়ী, এই সিনেমার জন্যও তাঁর পারিশ্রমিক ছিল এক কোটি রুপির কম। তবে সিনেমাটি ব্যবসাসফল হওয়ার পরই বড় অঙ্কের পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হয় তাঁর। বক্স অফিসে শতকোটি রুপির ব্যবসা করা সিনেমাটি ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।
৪০ কোটি রুপির পারিশ্রমিকের প্রশ্নে নির্দিষ্ট কোনো সিনেমার নাম না এলেও ২০ কোটি রুপির ক্ষেত্রে একটি সিনেমার কথা নিজেই জানিয়েছিলেন কার্তিক। ২০২৩ সালে রজত শর্মার অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ তাঁর কাছে জানতে চাওয়া হয়, করোনাকালে মাত্র ১০ দিনের শুটিংয়ের জন্য ২০ কোটি রুপি নিয়েছিলেন কি না। জবাবে কার্তিক জানান, সিনেমাটির নাম ‘ধামাকা’। ১০ দিনের শুটিংয়ের জন্য ওই অঙ্কের পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
রাম মাধবানি পরিচালিত থ্রিলার সিনেমা ‘ধামাকা’য় এক সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপকের চরিত্রে অভিনয় করেন কার্তিক। সিনেমায় বোমা হামলার হুমকি সরাসরি সম্প্রচারের সুযোগ পায় তাঁর চরিত্র। ২০২১ সালের ১৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। তবে পরবর্তী সব সিনেমার ক্ষেত্রেই যে একই অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন, তা নয়।
২০২৪ সালে ‘শোশা’কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক জানিয়েছিলেন, ‘শেহজাদা’ সিনেমা নির্মাণের সময় অর্থসংকট দেখা দেওয়ায় তিনি অভিনয়ের পারিশ্রমিক নেননি। এ কারণে সিনেমাটির প্রযোজক হিসেবেও তাঁর নাম যুক্ত হয়। একই বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া ৩’ প্রথম সপ্তাহান্তে ভারতে ১১০ কোটি ২০ লাখ রুপি নিট ব্যবসা করে। বলিউড হাঙ্গামার হিসাব অনুযায়ী, তখন পর্যন্ত সেটিই ছিল কার্তিকের ক্যারিয়ারে প্রথম সপ্তাহান্তে সর্বোচ্চ আয় করা সিনেমা।
কার্তিকের পারিশ্রমিকের পরিবর্তন বোঝাতে দুটি সিনেমার হিসাবই যথেষ্ট। ‘প্যায়ার কা পঞ্চনামা’র জন্য ৭০ হাজার রুপি থেকে কর কেটে হাতে পেয়েছিলেন ৬৩ হাজার। আর এক দশক পর ‘ধামাকা’র মাত্র ১০ দিনের শুটিংয়ের জন্য পেয়েছেন ২০ কোটি রুপি। তবে এখন নিয়মিতভাবে প্রতিটি সিনেমার জন্য ৪০ কোটি রুপি পারিশ্রমিক নেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি অভিনেতা। সূত্র: দ্য ওয়াল
- বিষয় :
- কার্তিক আরিয়ান
- সিনেমা
- পারিশ্রমিক