পাভেলের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নির্মাতা
সাঈদুর রহমান পাভেল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৪:৩৫
একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে সময়মতো উপস্থিত না হওয়ায় অভিনেতা সাঈদুর রহমান পাভেলের বিরুদ্ধে আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। তার দাবি, পাভেলের অনুপস্থিতি ও বারবার শিডিউল পরিবর্তনের কারণে পুরো শুটিং পরিকল্পনা ভেস্তে গেছে। এতে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন নির্মাতা।
রোববার মধ্যরাতে পাভেলের বাসার সামনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নির্ঝর। তিনি জানান, গত ১২ তারিখ থেকে ‘হাঙ্গামা’ নামের একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন পাভেল। গত ১৫ তারিখে ধারাবাহিকটির প্রথম পর্বের বিয়ের দৃশ্যের শুটিং নির্ধারিত ছিল। সেদিন ১৫ জন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সারসহ পুরো দল উপস্থিত থাকলেও পাভেল আসেননি। পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করায় তাঁকে ছাড় দেওয়া হয়। এ জন্য কোনো ক্ষতিপূরণও নেওয়া হয়নি। একই সেটে কয়েক দিন পর টানা দুই দিন শুটিং করলেও শনিবার আবার অনুপস্থিত ছিলেন অভিনেতা।
সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, ১৭ বছরের ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে কখনো পড়েননি তিনি। পাভেলের দুই দিনের অনুপস্থিতিতে সেট ও অভিনয়শিল্পীদের জন্য প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা ক্ষতি হয়েছে। ধারাবাহিকের ধারাবাহিকতা নষ্ট হওয়ায় পুরো প্রকল্পে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
নির্ঝরের ভাষ্য, প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম ও দশম পর্বে পাভেলের দৃশ্য থাকায় সেগুলো আবার শুটিং করতে হবে। একক নাটকের মতো সহজে এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।
নির্মাতার অভিযোগ, সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত শতাধিকবার ফোন করেও পাভেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। তাঁর মায়ের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। সহকারী পরিচালক নূর সকাল থেকে পাভেলের বাসার সামনে অপেক্ষা করছিলেন। শুটিংয়ে নেওয়ার জন্য গাড়িও প্রস্তুত রাখা হয়েছিল।
নির্ঝর বলেন, ‘আমরা সকাল থেকে এ পর্যন্ত আমি ১০০ বারের ওপর কল দিয়েছি। সেট রেডি করে ভিডিও পাঠিয়েছি। সে কোনো উত্তর দেয়নি।’ তিনি আরও বলেন, ‘ফোন বন্ধ ছিল না, ফোন চালু ছিল, কিন্তু আমার ফোন ধরে নাই। সে অনলাইনে ছিল, আমার মেসেজ সিন হয়েছে—আমার কাছে প্রমাণ আছে।’
নির্মাতার দাবি, তিনবার শিডিউল পরিবর্তনের পর গল্পের মূল চরিত্রে পাভেলকে নিয়ে কাজ শুরু করেছিলেন তাঁরা। ১৫ জন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী কলটাইমের আগেই সেটে উপস্থিত থাকলেও পাভেল আসেননি। তাঁর কারণে প্রায় ৬০ জনের একটি দল রাত ১টা পর্যন্ত বিপাকে পড়ে।
নির্ঝর বলেন, ‘এটা অন্যায়, আমার পুরো টিম আজকে সারাদিন বসেছিল। একজন অভিনয়শিল্পীর জন্য এটা হতে পারে না। আমরা চাই সে সমস্ত ক্ষতিপূরণ দেবে এবং আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে।’
বিষয়টি ইতিমধ্যে ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টরস ইকুইটি ও সংশ্লিষ্ট থানাকে জানিয়েছেন বলেও জানান নির্মাতা। ভবিষ্যতে পাভেলের সঙ্গে আর কাজ করবেন না জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যদি উনি বলে উনি এখন পীর, তবুও আমি কোনোদিন তার সঙ্গে কাজ করব না। যদি সে শুটিংয়ের সব টাকা দিয়েও দেয়, তারপরও করব না। তার সঙ্গে আমরা কাজ করতে চাই না।’
এ বিষয়ে পাভেলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে নির্মাতার অভিযোগের বিষয়ে অভিনেতার বক্তব্য জানা যায়নি।
- বিষয় :
- সাঈদুর রহমান পাভেল