মা হবেন বলেই আড়ালে এমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৫:১৮ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ | ০৫:৪০
অস্কার পাওয়া ‘লা লা ল্যান্ড’ সিনেমার অভিনেত্রী এমা স্টোন মা হচ্ছেন। তার মা হওয়ার খবর প্রকাশ করেছে ডেইলি মেইল। পত্রিকাটিতে সম্প্রতি প্রকাশিত এক ছবিতে ৩২ বছর বয়সী হলিউডের এই অভিনেত্রীকে বেবি বাম্পসহ দেখা যায়।
লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বন্ধুর সঙ্গে বেবি বাম্পসহ হাঁটতে দেখা যায় এমাকে। কালো রঙের পোশাক ও ক্যাপ পরা ছিলেন এমা। মুখে ছিল সাদা মাস্ক এবং পায়ে স্নিকার্স। মাঝে মাস্ক খুলে পানি পান করতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
তবে এই ছবির সূত্র ধরে অনেক চেষ্টা করেও এমার সঙ্গে কথা পারেনি ডেইলি মেইল।
২০১৯ সালের ডিসেম্বরে ‘স্যাটারডে নাইট লাইভ’ শোয়ের বিভাগীয় পরিচালক ডেভ ম্যাকক্যারিকে বিয়ে করেন এমা। অনেকটা গোপনেই তাদের বিয়ে হয়। ধারণা করা হচ্ছে এই দম্পতির ঘরে প্রথম সন্তান আসছে।
এমা স্টোন অনেক দিন ধরেই আড়ালে রেখেছেন নিজেকে। ব্র্যাড পিটের সঙ্গে ‘ব্যবিলন’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও গত ডিসেম্বরে তিনি ছেড়ে দেন ছবিটি। এমা তখন জানান, শিডিউল জটিলতার কারণে ছবিটিতে অভিনয় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
কিন্তু এখন সবাই ধারণা করছেন, মা হতে চলার কারণেই এমা 'ব্যবিলন' সিনেমায় অভিনয়ের অফারটি ছেড়ে দেন।
