মাদকের অর্থ জোগান দিতেন দিয়ার বোন!
ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ০৪:৪৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ | ০৫:০৩
মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার বোনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এর মধ্যে দুজন ভারতীয়, আর বাকিরা বিদেশি।
ভারতের গণমাধ্যম জানায়, ভারতীয় দু’জনের মধ্যে একজন অভিনেত্রী দিয়া মির্জার সাবেক ম্যানেজার এবং অপরজন তার বোন।
গোপন সূত্রে খবর পেয়ে এনসিবির কর্মকর্তারা মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় বেশ কিছু কুরিয়ার বাজেয়াপ্ত করে। তল্লাশি চালিয়ে এসময় প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এরপর একটি বহুতল ভবনে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার হয়। ওই আবাসন থেকে করণ সাজনানি নামে বিদেশি এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, বেশ প্রভাবশালীদের কাছে গাঁজা পৌঁছে দেওয়ার কাজ করত ওই বিদেশি নাগরিক। দিয়ার সাবেক ম্যানেজার এবং তার বোন সেই কাজে পূর্ণ সহযোগিতার পাশাপাশি অর্থেরও জোগানও দিত বলে জানা গেছে।
গত বছর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের নিথর মরদেহ। তার মৃত্যুর তদন্তে নেমে বলিউডে মাদক সংশ্লিষ্টতার প্রসঙ্গ সামনে আসে। তারপর থেকে একের পর এক তারকার মাদক সংশ্লিষ্টতার ঘটনা নজরে পড়ে তদন্তকারীদের। ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন-সহ বলিউডের একাধিক প্রথম সারির তারকাকে ডেকে জেরাও করেছে এনসিবি।
- বিষয় :
- দিয়া মির্জা
- মাদক মামলা
