ন্যান্সির মামলায় আসিফের জামিন, পাল্টা মামলার প্রস্তুতি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৪৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:১৯
'সবার আনন্দ ফাল্গুনে, আমার আনন্দ আদালতে হাজিরায়'- এই কথা কণ্ঠশিল্পী আসিফ আকবরের। গায়িকা ন্যান্সির করা মামলায় জামিন আবেদনের আদেশের জন্য শনিবার ময়মনসিংহ যান কণ্ঠশিল্পী আসিফ আকবর। সেখানে যাওয়ার পর ফেসবুকে কথাগুলো লিখেন তিনি।
রোববার সমকালকে আসিফ আকবর জানালেন, ন্যান্সির দায়ের করা মামলায় রোববার স্থায়ী জামিন পেয়েছেন তিনি। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই জামিনের এই আদেশ দেন। পাশাপশি আগামী ৮ এপ্রিল আসিফকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
জামিন পেয়ে আসিফ ফিরছেন ঢাকায়। মোবাইল ফোনে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ মাননীয় আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছেন। সবার কাছে কৃতজ্ঞ আমাকে মানসিকভাবে শক্তি যোগানোর জন্য। ইচ্ছা না থাকলেও এবার আইনের দ্বারস্থ হবো, আমি বাধ্য। আপনাদের দোয়াই আমার শক্তি।'
তার মানে ন্যান্সির মামলার কারণে আসিফ আকবরের মানহানি হয়েছে। ভোগান্তিতেও পড়তে হয়েছে। তাই এবার তিনিও মামলার কথা ভাবছেন। কয়েকদিনের মধ্যেই আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন তিনি।
আদালতের আদেশে সন্তুষ্ট আসিফ আকবর বলেন ‘ আমি যে অন্যায় কিছু করিনি, সেটা আদালতে বোঝাতে পেরেছি। বিজ্ঞ আদালতও বুঝেছেন সেটা। শুধু শুধু আমার মানহানি এবং আমাকে হয়রানি করা হলো। ন্যান্সি আমার নামে যে অভিযোগ করেছেন, তা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি, পারবেনও না।'
গত বছরের ১০ জুলাই ময়মনসিংহের কোতোয়ালি থানায় আসিফের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন ন্যান্সি। পরে এ নিয়ে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। গায়ক আসিফও জামিনের আবেদন করেন। এরপর ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আব্দুল হাই ১৪ ফেব্রুয়ারি গায়ক আসিফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালত এদিন আসিফের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
অভিযোগে ন্যান্সি লিখেন, তার কণ্ঠ সফলতায় হিংসাত্মক মনোভাব পোষণ করে আসিফ আকবর বিভিন্ন সময়ে ইউটিউব, রেডিও ও টিভি চ্যানেলে তার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন। এতে তার মানহানি ও সঙ্গীতজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আসিফ তার গাওয়া ১২টি গান অনুমতি না নিয়ে স্বত্ব বিক্রি করে দেন। ১২টি গানের স্বত্ব দাবি করলে রোষানলে পড়তে হয়, যার পরিপ্রেক্ষিতে আসিফ বিভিন্ন তারিখ ও সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন ইউটিউব ও টিভি চ্যানেলে বিভ্রান্তিকর তথ্যসহ কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
- বিষয় :
- স্থায়ী জামিন
- ন্যান্সি
- মামলা
- আসিফ আকবর