হাউজফুল ‘ন ডরাই’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৫:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৬:০৫
মুক্তির প্রথম দিন থেকেই হাউজফুল যাচ্ছে দেশের প্রথম সার্ফিং নিয়ে নির্মিত ছবি ‘ন ডরাই’। স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত এ ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ২৯ নভেম্বর দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাতেই মুক্তির পর থেকে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন বলে সমকাল অনলাইনকে জানালেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মুক্তির দিন সকাল থেকেই ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাতেই বিকাল ও সন্ধ্যার শোগুলো পুরো হাউজফুল ছিলো।

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্স ও মহাখালি এসকে টাওয়ারে অবস্থিত সিনেপ্লেক্স-এ শুধু নয়, বাকি যে হলগুলো ছবিটি মুক্তি পেয়েছে সবগুলো থেকেই ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান মেসবাহ। শুধু সিনেপ্লেক্সের তিন শাখাতেই নয় শ্যামলী প্রেক্ষাগৃহেও দর্শকদের ন ডরাইতে দর্শকদের বেশ সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সেখানকার ম্যানেজার ম্যানেজার আহসান উল্লাহ।
দর্শক চাহিদার কারণে আগামি সপ্তাহ থেকে দেশের অন্তত ৫০ থেকে ৬০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হবে ‘ন ডরাই’। দেশের প্রথম নারী সার্ফার নাসিমার উঠে আসার বাস্তব গল্প নিয়ে সিনেমা ‘ন ডরাই’। সামাজিক, পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে সার্ফিংয়ের আইকন হয়ে ওঠার অদম্য জীবনের গল্প আছে এই ছবিতে। ছবির অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল ও শরিফুল রাজ।