পানিপথের তৃতীয় যুদ্ধের গল্প
আসাদুজ্জামান
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৫
'একটি ছোট জমির টুকরোর জন্য তুমি নিজের জীবন দিতে যাচ্ছ' আর 'আমি আমার মাতৃভূমির একটি ধূলিকণার জন্যও জীবন দিতে প্রস্তুত।' 'এখন আর কোনো নদী আমাদের আলাদা করতে পারবে না।' 'এখন আমাদের দুই পক্ষের মাঝে একমাত্র যুদ্ধক্ষেত্র পানিপথ।' ভারী শিরস্ত্রাণ আর শরীর বর্মে ঢাকা আহমদ শাহ আবদলি ও সদাশিব রাও ভাওয়ের মধ্যেকার এ সংলাপের পরই অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। ৪ নভেম্বর পরিবেশক প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রকাশ করে ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে তৈরি সিনেমা 'পানিপথ'-এর ট্রেলর। তিন মিনিট ১৫ সেকেন্ডের এ ট্রেলরের শেষ দিকের সংলাপে দেখা যায় এমন রাজসিক কথোপকথন। প্রকাশের পর ট্রেলরটি ইতোমধ্যে সোয়া চার কোটিবার ভিউ করা হয়েছে।
ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে 'পানিপথ'। অস্কার মনোনীত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক আশুতোষ গোয়ারিকরের পরিচালনা, সুনীতা গোয়ারিক ও রোহিত শেলাতকরের প্রযোজনায় পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাটি আগামীকাল ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

ঐতিহাসিক সদাশিব রাও ভাও চরিত্রে অর্জুন কাপুর, আহমদ শাহ আবদলি চরিত্রে সঞ্জয় দত্তসহ পার্বতী বাঈ, গোপিকা বাঈ, বালাজি বাজি রাও, নাজিব আদ-দাওলাহ, ইমাদ-উল-মুলক ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে কৃতী শ্যানন, পদ্মিনী কোলহাপুরী, মহাশিশ বাহল, মান্ত্রা ও মীর সরওয়ার। এ ছাড়া সুহাসিনী মুলায়, বিনিতা মহেশ, কৃত্তিকা দেও, শ্যাম মাশালকারসহ অনেক শিল্পীকে দেখা যাবে সিনেমাটির নানা ঐতিহাসিক চরিত্রে।
ভারতের রাজধানী দিল্লির উত্তরে অবস্থিত হরিয়ানা প্রদেশের একটি শহর পানিপথ। মহাভারত অনুযায়ী, পানিপথ পঞ্চপান্ডব কর্তৃক প্রতিষ্ঠিত পাঁচটি শহরের মধ্যে অন্যতম এ শহরটি 'উইভিং সিটি অব ইন্ডিয়া' নামেও পরিচিত। ১৫২৬ সালে মোগল সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধ হয়। প্রথম কামানের ব্যবহার হয় এ যুদ্ধে। ১৫৫৬ সালে দ্বিতীয় যুদ্ধ হয় মোগল সম্রাট আকবর ও সম্রাট হেম চন্দ্র বিক্রমাদিত্যের সঙ্গে। এতেও মোগলরা বিজয়ী হয়।
এরই ধারাবাহিকতায় ১৭৬১ সালে দুররানি ও মারাঠা সম্রাজ্যের মধ্যে হয় পানিপথের তৃতীয় যুদ্ধ। এতে দুররানি সাম্রাজ্য বিজয় লাভ করে। মারাঠাদের পতন হয়। মহাভারতের ইতিহাস ছাপিয়ে পানিপথ মুখ্য হয়ে আছে মূলত এ প্রান্তরে ঘটে যাওয়া এ তিনটি বড় যুদ্ধের কারণে। এই ঘটনাকে ভিত্তি করেই মূলত তৈরি হয়েছে 'পানিপথ' চলচ্চিত্রটি। পানিপথের এ যুদ্ধে আফগানিস্তানের সৈন্যবাহিনীর সঙ্গে মারাঠা সেনাদের এ লড়াই ছিল আঠারো শতকের অন্যতম স্মরণীয় যুদ্ধ।
জি মিউজিকের ব্যানারে জাভেদ আখতারের লেখা ও অজয়-অতুলের সুরে 'মর্দ মারাঠা' গানটি গেয়েছেন অজয়-অতুল, সুদেশ ভোঁসলে, কুনাল গানজাওয়ালা, স্বপ্নিল বন্ধকর, পদ্মনাথ গায়কর্ড, প্রিয়াঙ্কা, 'মন হে শিবা' গানটি কুনাল গানজাওয়ালা, দিপানসী নগর ও 'স্বপ্ন হে ছাচ হে' গেয়েছেন অভয় যোদপুকুর ও শ্রেয়া ঘোষাল। চলচ্চিত্রটির জন্য পোশাক ডিজাইন করছেন নীতা লুলা। তিন ঘণ্টা ৩০ মিনিটের দীর্ঘ হিন্দি ভাষার এ সিনেমাটি নির্মাণে প্রায় ২০০ কোটি রুপি খরচ হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অন্য ছবির সঙ্গে নানাভাবে 'পানিপথ'-এর তুলনা। আসছে মিশ্র প্রতিক্রিয়া। ট্রেলার দেখে সঞ্জয় লীলা বানশালির 'পদ্মাবত' আর 'বাজিরাও মাস্তানি'র বিভিন্ন চরিত্রের পোশাক ও সাজে মিল খুঁজে পাচ্ছেন অনেকে। তবে সব ছাপিয়ে সিনেমাটি সবার মন কাড়বে বলে আশা করা যাচ্ছে।
- বিষয় :
- পানিপথ
- বলিউডের নতুন ছবি
