ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

অপূর্ব একজন...

অপূর্ব একজন...
×

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০১:০০ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০১:০৩

শহরের বাইরে দূরের গ্রামগুলোতে শীত এলেও শহরে আসি আসি করছে। তাই শহর শীতকে বরণ করে নিতে প্রস্তুত হয়ে আছে যেন। আবহাওয়ার এই অবস্থাটা দারুণ ভালো লাগে অভিনেতা অপূর্বের। কথায় কথায় জানালেন সেই ভালো লাগার কথা। এরপরই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আর কী ভালো লাগে আপনার? অপূর্বের সোজা উত্তর- 'যেটা ভালো লাগে সেটা তো করেই যাচ্ছি। অভিনয়ের চেয়ে বেশি ভালো লাগার আর কিছু নেই আমার কাছে।'

অপূর্বকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। অপূর্ব নাম নিলেই যে মুখাবয়ব সামনে চলে আসে, তিনিই অপূর্ব। দীর্ঘ সময়ের ক্যারিয়ারের এই পথচলায় নিজেকে নিয়ে গেছেন সফলতার শিখরে। অপূর্বকে নিয়ে কোথায় যেন একটা ধারণা আছে। বেশ মুডি এ অভিনেতা। সত্যিই কি মুডি? 'মুডের সোজা বাংলা করলে হয় ভাব ধরা। আমি মনে করি, প্রতিটি শিল্পীরই কোনো না কোনো দিক থেকে ভাব ধরে থাকতে হয়। একজন অভিনেতার জন্য মুড থাকাটা অপরিহার্য। মুড ক্রিয়েট করতে না পারলে তো অভিনয় হবে না। সে অর্থে আমাকে মুডি বলতে পারেন। মুড শিল্পীর মধ্যে ইমোশন তৈরি করে। আর ইমোশন অভিনয়কে ভিন্নমাত্রা দেয়'- উত্তরে জানান অপূর্ব।

'গ্যাংস্টার রিটার্ন' নামে একটি চলচ্চিত্রেরও নায়ক তিনি। ২০১৫ সালের ছবি। ব্যবসা করতে পারেনি ছবিটি। এরপর আর চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। দেখা যায়নি মানে চলচ্চিত্রে আর অভিনয় করেননি। দর্শক তাকে চলচ্চিত্রে চাচ্ছেন। সেটা নিয়মিতই চাচ্ছেন। কিন্তু নাটকে রাজা হিসেবে বিচরণ করলেও চলচ্চিত্রে নেই তিনি। অপূর্ব বলেন, 'ছোটপর্দায় আমি নিয়মিত অভিনয় করছি। এর মানে এই নয়, বড়পর্দায় আমার আগ্রহ নেই।

আবার চলচ্চিত্রে অভিনয় করার জন্য আমি প্রস্তুত আছি। এর মধ্যে কয়েকজন নির্মাতা আমার সঙ্গে যোগাযোগও করেছেন। কিন্তু আমাকে যে ধরনের গল্প ও চরিত্রের সঙ্গে যাবে তেমন চলচ্চিত্র হাতে পাচ্ছি না। যার কারণে আমার ইচ্ছা থাকলেও চলচ্চিত্রে কাজ করা হচ্ছে না। এখন আমাদের চলচ্চিত্রের গল্পে পরিবর্তন এসেছে। অপেক্ষায় আছি নতুন কিছুর জন্য।'


শিগগিরই হয়তো এ অপেক্ষার প্রহর ফুরোবে। নাটকে সফল অপূর্ব সিনেমায়ও অপূর্ব এক নায়ক হয়ে উঠবেন হয়তো। এই অপূর্বকে নাটকে সফল বলা হলো। তিনি কিন্তু নিজেকে সেটা মনে করেন না। তবে ব্যর্থও যে সেটাও মনে হয় না তার। মানুষের তো চাওয়া-পাওয়ার শেষ নেই। শেষ নেই অপূর্বেরও। দেখা গেল একটা স্বপ্ন পূরণ হলে আরেকটা নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়। মানুষের এই স্বপ্ন দেখা শেষ হয় না কখনও। তাই কতটা সফল বা কতখানি সফলতা অর্জন হলো, সেটা কখনও অনুভব করা হয়নি বলে জানান অপূর্ব।

ব্যক্তিগত পরিচয়ে এক সন্তানের জনক অপূর্ব। ছেলের নাম আয়াশ। 'বিনিসুতোর টান' নাটকে ছেলে আয়াশ অভিনয় করে বাবা অপূর্বকেও টপকে গিয়েছিল দর্শকদের কাছে। তবে ছেলেকে নিয়ে অপূর্বের কোনো পরিকল্পনা নেই। আয়াশ ওর মতোই বড় হবে বলে বাবার ইচ্ছা। 'যে লাইনে হাঁটতে চায় সে লাইনে হাঁটতে দেব ওকে। বাবা হিসেবে আমার কাজ হচ্ছে সে রাস্তায় চলতে সহযোগিতা করা। তবে সবার আগে চাইব, একজন আদর্শ মানুষ হয়ে উঠুক আয়াশ।'

আরও পড়ুন

×