পাবনায় 'গানের সেকাল একাল'
এবিএম ফজলুর রহমান, পাবনা
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৪ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪১
কোলাহলমুক্ত নীরব শহর। নিয়ন আলোয় নির্ঘুম রাত। ছুটেচলা যান্ত্রিক জীবনে বাইরের এমন দৃশ্যপটে সাজানো হয়েছিল মঞ্চ। এর মধ্যেই মৃদু আলোতে সুরের মূর্ছনা আর নৃত্যের তাল। দর্শক হৃদয় যেন ফিরে যাচ্ছিল ফেলে আসা দিনগুলোয়। মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে উঠছিল মিলনায়তন। এমনই আবহে সম্প্রতি পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র মঞ্চ মেতেছিল হৃদয় ছোঁয়া বাংলা গানে। সাংস্কৃতিক সংগঠন 'সপ্তসুর' আয়োজিত অনুষ্ঠানটির নাম ছিল 'গানের সেকাল-একাল'। সমবেত কণ্ঠে আসর বন্দনায় শুরু হয় গান। এরপরই শিল্পী অমিত অভ্র গেয়ে শোনান 'আমার স্বপ্নে দেখা রাজকন্যা' গানটি।
পরপরই শিল্পী শ্যামলী সরকার গেয়ে ওঠেন 'তুমি চেয়েছিলে ওগো জানতে' গানটি। এরপর একের পর এক পুরোনো দিনের হারানো গান- 'কী করে বলিব আমি, সে যে কেন এলো না, আজ এই বৃষ্টির কান্না দেখে, তুমি মিষ্টি করে দুষ্টু বলো, তুমি আমার কত চেনা' গেয়ে শোনান শিল্পীরা। এরই মধ্যে তনুশ্রী দাস 'যাও পাখি বলো/হাওয়া ছলো ছলো' গান দিয়ে সুরের মূর্ছনায় মাতান দর্শকদের। আয়োজনে নৃত্যশিল্পী আফরোজা সুলতানা ও বাপ্পি সাহা সুরের মূর্ছনা আর নৃত্যের দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে গান পরিবেশন করেন শিল্পী নুরুল ইসলাম, জেবা জান্নাতুল, আশিক, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, পিএম মান্নান, অনিক বিশ্বাস, সাদিয়া আরেফিন, আরমান বিশ্বাস ও শামীম। সংগীত পরিচালনা করেন প্রলয় চাকী।
- বিষয় :
- পাবনায় গান
- বিনোদন
