পাঁচ নারীর এক গান
ব্যান্ডদল এফ মাইনরের পাঁচ নারী সদস্য
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৪ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫১
নতুন গান প্রকাশ করছেন ব্যান্ডদল এফ মাইনর। 'শরতের বাতাসে উড়ে যায় চুল, হাত খেলা করে হাতে; তুমি শুধু চেয়ে দ্যাখো, কী চুরি যায় এ প্রভাতে...' এমন কথার 'প্রকৃতির গান' প্রকাশ করছে পাঁচজন মেয়ের গানের দল এফ মাইনর।
দলটির অন্যতম ভোকাল পিংকি চিরান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন মান্দি সম্প্রদায়ের পিংকি। শরতের আকাশের গানে তিনিই কণ্ঠ দিয়েছেন। গানের কথা লিখেছেন, আবু জাহেদ। সুরও করেছেন তিনি।
গানটি এফ মাইনর নিজেদের পেইজে শেয়ার করে লিখেছে, 'জাহেদ ভাইয়ের চ্যানেলের জন্য উনারই কথা ও সুরে করা এফ মাইনরের আরো নতুন একটি গান। ভালো লাগলে আমাদের জানাবেন।
পিঙ্কি বলেন, 'এই প্রথমবার আমার গাওয়া অন্য ধাঁচের গান। যার সুর আমার আয়ত্তে আনাটা কষ্টকর ছিল। আমার কণ্ঠে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু গানটা সুন্দর। আমি সচরাচর ফোক গেয়ে থাকি, গানের সুরটা একটু ভিন্ন হওয়ায় কষ্ট হয়েছে, বেসুরো গলায় সুন্দর গানটা শোনে খুশি না হলে আমি ক্ষমাপ্রার্থী।
সোশ্যাল মিডিয়ার দর্শক-শ্রোতাদের নিকট গান যে ভালো লেগেছে তা মন্তব্য বাক্স থেকে সহজেই অনুমান করা যায়। গানের সাথে ভিডিও করে ডিসেম্বরের প্রথমদিনে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পার্শ্ব কণ্ঠ ও গিটারে ছিলেন নাদিয়া রিছিল, লিড গিটারে গ্লোরিয়া মান্দা, কি বোর্ডে আকিউ মার্মা, কম্পোজার শরীফ সুমন ও সাউন্ড ডিজাইন করেছেন শরীফ সুমন ও রিজভী।
