মাহফুজুর রহমানের গান কতটা সাড়া ফেললো এবার?
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২১ | ০১:১২ | আপডেট: ২২ জুলাই ২০২১ | ০৩:৪৪
বেশ কয়েক বছর ধরে প্রতি ঈদেই এটিএন বাংলার ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হোন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও গান নিয়ে হাজির হযেছেন তিনি। এবার তার একক সঙ্গীতানুষ্ঠানের নাম ছিলো ‘সুখে থাকো তুমি’। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হয়।
এর আগে এক মেইলবার্তায় এটিএন বাংলা কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমান ভিন্ন মাত্রার গান শোনাতে আসছেন। সেটা কতটা ভিন্ন মাত্রার ছিলো তা ঈদের রাতে দেখেছেন দর্শকরা।
বরাবর ঈদে আলোচনায় থাকে এই গায়কের গান। এবারও তার গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আলোচনা-সমোলাচনা।
এবারের অনুষ্ঠানে ১০টি গান শুনিয়েছেন মাহফুজুর রহমান। অ্যালবামের গানগুলোতে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন লোকেশনে গানগুলোর চিত্রায়ন হয়।
গানের প্রতি তার দুর্বলতা থেকেই প্রতি বছর ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হোন মাহফুজুর রহমান। সেটা শুরু হয় ২০১৬ সালের কোরবানি ঈদে। সে বছর গায়ক হিসেবে হাজির হয়ে হৈ চৈ ফেলে দেন তিনি।
গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হলেও দমে যাননি মাহফুজুর রহমান। প্রতি ঈদেই নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
- বিষয় :
- ড. মাহফুজুর রহমান
- নতুন গান
- বিনোদন
