ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

উনিশে ঢাকার শোবিজে যত আলোচিত ঘটনা

উনিশে ঢাকার শোবিজে যত আলোচিত ঘটনা
×

মীর সামী

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:৪২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৯

দেখতে দেখতে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে আরেকটি বছর। বিদায়ী ২০১৯ সালে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ঘটে গেছে নানা ঘটনা। কোনোটি সাফল্যের, কোনোটি ব্যর্থতার আবার কোনোটি সমালোচনার। কোনোটি আনন্দের কিংবা বেদনার। পুরো বছরের আলোচিত কয়েকটি ঘটনা নিয়ে এই প্রতিবেদন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনীতে জয়া

লন্ডনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী জয়া আহসান। বিশ্বকাপ মঞ্চে তার এমন উপস্থিতি ছিল বাড়তি চমক। বিশ্বকাপ শুরুর আগের দিন লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনের সড়ক 'দ্য মলে' জয়া আহসানকে দেখে রীতিমতো নড়েচড়ে বসেন তার ভক্ত-অনুরাগীরা। উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দেশগুলো থেকে দু'জন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। এতে জয়ার সঙ্গে ছিলেন ক্রিকেটার আবদুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানের পাশাপাশি এবারের বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয় ১০ দলের প্রতিনিধি হয়ে আসা অতিথিদের নিয়ে 'স্ট্রিট ক্রিকেট'। ৬০ সেকেন্ডের এই ক্রিকেট চ্যালেঞ্জে দেশের জার্সিতে বাংলাদেশের দুই প্রতিনিধি মিলে করেন মাত্র ২২ রান। এই খেলায় জয়া কোনো রান করতে পারেননি।

গায়ক থেকে নায়ক

এ বছর রুপালি পর্দায় অভিনেতা হন সংগীতশিল্পী আসিফ আকবর ও তাহসান খান। কথাসাহিত্যিক ও নির্মাতা সাদাত হোসাইন পরিচালিত 'গহীনের গান' চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় আসিফ আকবরের। জনপ্রিয় এই সংগীতশিল্পীর নতুন ৯টি গান নিয়ে নির্মিত হয়েছে 'গহীনের গান' ছবিটি। এটি দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল সিনেমা। বাংলাঢোল প্রযোজিত এই সিনেমা নিয়ে আসিফ আকবর বলেন, "আমার অভিনীত প্রথম সিনেমা। তাই স্বাভাবিকভাবে আনন্দিত ও উচ্ছ্বসিত। সত্যি বলতে কী, গান থেকে সিনেমা নির্মাণ কঠিন। আমরা সর্বোচ্চ শ্রম দিয়ে ভালো কিছু দাঁড় করানোর চেষ্টা করেছি। ছবির পরিচালক তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন দারুণ কাজ করেছেন। এটা বলতে পারি, 'গহীনের গান' মানুষের জীবনের কথা বলবে। ২০ কিংবা ৫০ বছর পরও মানুষ সিনেমাটির কথা মনে রাখবে।" অন্যদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'যদি একদিন' সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে তাহসানের অভিষেক হয়। এই ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করেন পশ্চিমবঙ্গের নন্দিত নায়িকা শ্রাবন্তী। তাহসান বলেন, 'আমি টিভি নাটকে নিয়মিত অভিনয় করি। অভিনয়ের শুরু থেকে অনেকেই চলচ্চিত্রে অভিনয়ের জন্য বলেছেন। কিন্তু ঠিক মনমতো চরিত্র আর গল্পের দেখা পাচ্ছিলাম না বলেই এতদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলাম।'

এলআরবি নিয়ে যাচ্ছেতাই!

গত বছরের অক্টোবরে আইয়ুব বাচ্চু মারা যাওয়ার কিছুদিন পর থেকেই এলআরবির সদস্যদের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়। প্রথমে বালামকে ভোকাল করে নতুন লাইনআপ ঘোষণা দেয় তারা। বালামকে নিয়ে এলআরবি ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় 'বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি'। এ বিষয়েও অনেক জল ঘোলা হয়। কিন্তু এর কিছুদিন যেতে না যেতেই দ্বন্দ্ব শুরু হয় সদস্যদের মধ্যে। আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের চার সঙ্গী দুই ভাগে ভাগ হয়ে যান। দু'জন একদিকে, বাকি দু'জন অন্যদিকে। গিটারিস্ট মাসুদ ও ব্যবস্থাপক শামীম আর এলআরবির সঙ্গে নেই। অন্যদিকে এলআরবি নিয়ে এগোতে চান ড্রামার রোমেল ও গিটারিস্ট স্বপন।

মিথিলা-সৃজিতের বিয়ে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন ও সৃজিতের পরিবারের সদস্যদের পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েকজন তারকাশিল্পী। বিয়ের পর দিনই মধুচন্দ্রিমায় তারা সুইজারল্যান্ড যান। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করেন। বিয়েতে মিথিলা পরেছিলেন জামদানি শাড়ি আর সৃজিত পরেছেন পাজামা, পাঞ্জাবি ও জহরকোট। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিয়ে বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

বেফাঁস মন্তব্যে সমালোচিত শাকিব খান

'আমি দেখাতে চেয়েছি, আমি শাকিব খান। বাংলাদেশে কেন, আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়- সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এ বিষয়ে ডক্টরেট করা। সুতরাং সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব। এই পাসওয়ার্ড দেখে ইনশাআল্লাহ সবাই বলবে, ইয়েস, এটাই আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ভিরাট [বিরাট] ছবি পাসওয়ার্ড।' এভাবেই চিত্রনায়ক শাকিব খান নিজের প্রযোজিত ও অভিনীত 'পাসওয়ার্ড' নিয়ে বলেন। এ কথার ভিডিও ছড়িয়ে পড়ে অন্তর্জালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শক নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেন। পরে অবশ্য শাকিব খান বলেন, 'আমি যেভাবে কথাটা বোঝাতে চেয়েছি, সেভাবে দর্শককে বোঝাতে পারিনি। আমি বোঝাতে চেয়েছি, যেহেতু আমি সিনেমা করতে ভালোবাসি। অভিজ্ঞতাও অনেক। সেই অর্থে নিজেকে ডক্টরেট বলেছি। হাজার প্রতিকূলতা এলেও আমি সিনেমা করতে প্রস্তুত।'

মোশাররফ করিমের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান

চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন বিভাগে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' প্রদান করে। এটি বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ পুরস্কার। ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের 'সেরা কৌতুক' অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মোশাররফ করিম। কিন্তু পুরস্কার গ্রহণে অনীহা প্রকাশ করে মোশাররফ করিম জানান, 'কমলা রকেট' চলচ্চিত্রে তার চরিত্রটি কমেডি বা কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলোর একটি। সুতরাং 'সেরা কৌতুক অভিনেতা' হিসেবে তার নামটি প্রত্যাহার করে নিতে অনুরোধ করেন।

দুই দেশের তারকাদের মিলন মেলা

দুই দেশের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা একত্র হয়েছিলেন। দুই দেশের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে অনুষ্ঠিত হয় 'ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড'। ২০১৮ সালে ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ছবি থেকে বিভিন্ন বিভাগে এই সম্মাননা দেওয়া হয়। এই আয়োজনে চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ থেকে আনোয়ারা ও পশ্চিমবঙ্গ থেকে রঞ্জিত মল্লিকের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনটি উপস্থাপনা করেন পশ্চিমবঙ্গের গার্গী রায় চৌধুরী ও মীর আফসার আলী এবং বাংলাদেশের শাহরিয়ার নাজিম জয় ও শান্তা জাহান।

চার বছর পর বিয়ের খবর প্রকাশ

চার বছর পর প্রকাশ করলেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন বিয়ের খবর। চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার মাধ্যমে তারা বিয়ের খবর দেন। গত ২০ নভেম্বর নিজেদের ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর। শুধু তাই নয়, নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছাও জানান তারা।

ফেসবুক আইডি হ্যাক, বিব্রত তারকারা

চলতি বছরে অনেক তারকা অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীর ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফ্যানপেজ হ্যাক হয়েছে। এ বছরে দু'বার ফেসবুক আইডি ও পেজ হ্যাক হয়েছে অভিনেত্রী মেহজাবীনের। পরে ফিরেও পেয়েছেন। সাত মাস আগে হ্যাক হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির আইডি, যা এখনও ফেরত পাননি। চিত্রনায়িকা পূর্ণিমার ফেসবুক আইডি দু'বার হ্যাক হয়েছে। আরিফিন শুভর ফেসবুক আইডি হ্যাক হয়েছে দুই মাস আগে। 'দহন' ছবি মুক্তির সময় আইডি হ্যাক হয় ছবির নায়ক সিয়ামের।

বিপাকে ফেরদৌস

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে চিত্রনায়ক ফেরদৌস বিপাকে পড়েন। কারণ ভিসা আইনের শর্ত লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ফেরদৌস। সে সময় তার ভিসা বাতিলের পাশাপাশি গ্রেপ্তারেরও দাবি জানায় তারা। পরে তার ভারতীয় ভিসা বাতিল করা হয়।

আরও পড়ুন

×