ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

‘কেউ জায়গা ছেড়ে দেয় না, করে নিতে হয়'

‘কেউ জায়গা ছেড়ে দেয় না, করে নিতে হয়'
×

ফারিয়া শাহরিন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৬:২১

ফারিয়া শাহরিন। মডেল ও অভিনেত্রী। সম্প্রতি 'কাশ্মীরি প্রেমিকা' শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি কাজ করেছেন ওয়েব ফিকশন 'সে এসেছিল'-তে। দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হলো তার সঙ্গে-

'সে এসেছিল' ওয়েব ফিকশনে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

দীর্ঘদিন পর আবারও অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে একটু অন্যরকম ছিল। সম্প্রতি আশুলিয়ার মমতাপল্লিতে এর দৃশ্যধারণ হয়েছে। বিয়ের গল্প নিয়ে এই ওয়েব ফিকশন তৈরি হয়েছে। গল্পটা ভালো, হরর ধাঁচের। শেষ দৃশ্য না দেখা পর্যন্ত কেউ আগাম কিছুই বুঝতে পারবে না। একটা দৃশ্যের সঙ্গে আরেকটার চমৎকার যোগসূত্র আছে, দর্শক এক বসায় না দেখে থাকতে পারবে না। তাই কাজটি করতে পেরে ভালোলাগা কাজ করছে বেশি। সাধারণত এখন বেশিরভাগ নাটকের প্রথম দৃশ্য দেখলে বলে দেওয়া যায়। তবে মামুদ জাকারিয়া বেশ যত্ন নিয়ে পরিচালনা করেছেন। তাই দর্শক এতে নতুনত্ব পাবে।

শুনলাম 'কাশ্মীরি প্রেমিকা'র চরিত্রে দেখা যাবে...

হ্যাঁ। কাশ্মীরি প্রেমিকা শিরোনামে একটি নাটকে অভিনয় করব। সেখানেই এমন চরিত্রে আমাকে দেখা যাবে। স্ট্ক্রিপ্ট হাতে পেয়েছি। ভালোবাসা দিবসের নাটক এটি। তাই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস। আমার বিপরীতে অভিনয় করবেন মনোজ প্রামাণিক। আগামী মাসের শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হবে।

কিছুদিন আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। মিডিয়ায় ফিরে আসার জন্য বিজ্ঞাপনচিত্রকে বেছে নিলেন কেন?

অভিনয়ের চেয়ে বিজ্ঞাপনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাকে দর্শক বিজ্ঞাপন দিয়েই বেশি চিনেছেন-জেনেছেন। এ মাধ্যমে দর্শকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। এই বিজ্ঞাপনে কাজ করে শান্তি পেয়েছি। আশা করছি, কাজটি ভালো হবে। তা নিয়ে আমি আশাবাদী।

এবার কি মিডিয়ায় থিতু হবেন?

অবশ্যই। সেজন্যই তো দীর্ঘদিন দেশের বাইরে পড়াশোনার পর আবারও মিডিয়ায় কাজ শুরু করেছি। নতুনভাবে ফিরে আসা সবসময়ই চ্যালেঞ্জিং, এটা ভালো করেই জানি। আর আমি সে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। পৃথিবীতে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, করে নিতে হয়।

আরও পড়ুন

×