নতুন অ্যালবাম নিয়ে আসছেন বিবার
জাস্টিন বিবার- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৬:২৮
দীর্ঘ ৫ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবার। তার সর্বশেষ অ্যালবাম 'পারপাস' প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। তখন অ্যালবামটির পাঁচ লাখের অধিক কপি বিক্রি হয়। এরপর তার আর নতুন কোনো গানের অ্যালবাম বের হয়নি।
বড়দিন উপলক্ষে ভক্তদের সুখবর দিয়ে ২৫ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, ২০২০ সালে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। অ্যালবামটিতে থাকা তার প্রথম একক গান 'ইয়াম্মি' প্রকাশ পাবে ৩ জানুয়ারি। ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ খবরটি নিশ্চিত করেছেন জাস্টিন বিবার নিজেই। তিনি লেখেন, 'আমি এখন যেখানে আছি, আমার মনে হয় এর কারণে আগের অ্যালবামগুলির চেয়ে এটি আলাদা হবে। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে গানগুলোতে পারফর্ম করতে মুখিয়ে আছি।'
বিবার আরও যোগ করেন, 'মানুষ হিসেবে আমরা কেউই পরিপূর্ণ না। আমার অতীত, আমার ভুলগুলি এবং সমস্ত কিছুই আমি পার করে এসেছি। আমি বিশ্বাস করি, যেখানে আমার থাকার কথা ছিল, আমি ঠিক সেখানেই আছি। ঈশ্বর আমাকে যেখানে চাইবেন আমি ঠিক সেখানেই থাকবো'।
নতুন অ্যালবাম নিয়ে ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বিবার। তবে তিনি যুক্তরাজ্যের কবে শো করবেন তা জানা যায়নি।
- বিষয় :
- জাস্টিন বিবার
