রাভিনা-ফারাহ ও ভারতীর বিরুদ্ধে এফআইআর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৪
ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, পরিচালক ফারাহ খান ও কমেডিয়ান ভারতী সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ডেকান ক্রনিকেলের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ছোট পর্দার এক কমেডি শোতে হাজির হয়েছিলেন এই তিন তারকা। ওই শো চলাকালে তারা একাধিকবার ‘খ্রিস্টিয়ানিটি’ শব্দটি ব্যবহার করেন। আর এতে আপত্তি তুলেছেন খ্রিস্টধর্মাবলম্বীরা। তাদের প্রশ্ন কেন কোনো ধর্মের নাম দর্শকদের কাছে হাসির খোরাক করে তোলা হবে?
এরপরই ভারতের অমৃতস্বরের আজনালা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়। রাভিনা, ফারাহ খান ও ভারতীর নামে থানায় শুধু লিখিত অভিযোগই করেননি বরং আজনালায় খ্রিস্টধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিলও করেছেন। বুধবার টেলিভিশনে প্রচারিত শো' এর ওই পর্বটির কপি থানায় দেখানো হয় বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
এফআইআর দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে এসএসপি বিক্রম জিৎ দগ্গল বলেন, ‘ওই অনুষ্ঠানের ভিডিওসহ আইপিসির ২৯৫এ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।’
- বিষয় :
- এফআইআর
- বিনোদন
- ভারত
- বলিউড
- রাভিনা-ফারাহ খান
