ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

চশমার কেসের ভিন্ন ব্যবহার

চশমার কেসের ভিন্ন ব্যবহার
×

মোশারফ হোসেন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ২৩:০৬

চশমার কেস পুরোনো হয়ে গেলে তা অনেকেই ফেলে দেন। জানেন কি, পুরোনো চশমার কেস বিভিন্ন কাজে ব্যবহার করা যায়? এতে যেমন অর্থের অপচয় কম হবে। সেই সঙ্গে আপনার মনের নান্দনিকতা প্রকাশ পাবে।

যেভাবে পুরোনো চশমার কেস ব্যবহার করা যেতে পারে
ইলেকট্রনিক জিনিসপত্র : হেডফোন, ইয়ারফোন ও চার্জার আমরা যেখানেই রাখি না কেন সহজেই জট পাকিয়ে যায়। এ জন্য পুরোনো চশমার কেস হতে পারে একটি ভালো সমাধান। সেখানে রেখে দিতে পারেন হেডফোন, ইয়ারফোন ও চার্জার।

সেলাই উপকরণ :কেসের মাধ্যমে বহন করা যেতে পারে সুতা, কাঁচি, সুচ, পিনের মতো অনেক ধরনের সেলাই উপকরণ। কেসের ভেতরের দিকে ওপরের ঢাকনায় আঠা দিয়ে কিছু চুম্বক লাগিয়ে রাখলে সুচ কিংবা ধারালো জিনিসগুলো ওপরের দিকে আলাদা হয়ে থাকবে। এতে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করা আরও সহজ হবে।

প্রসাধনী সামগ্রী :যেহেতু চশমার কেসগুলো একটু শক্ত, তাই ছোট প্রসাধনী বহনের জন্য এগুলো হতে পারে আদর্শ। আমরা বাসার বাইরে যাওয়ার সময় ছোটখাটো প্রসাধনী বা জরুরি জিনিসপত্র বহন করি। হ্যান্ডব্যাগ বা ভ্যানিটিব্যাগে এসব জিনিস তালগোল পাকিয়ে ফেলি। তাই জরুরি সময়ে খুঁজে পাওয়া বেশ দুস্কর হয়ে ওঠে। এ জন্য চশমার কেসগুলো সহায়ক ভূমিকা পালন করতে পারে। ছোটখাটো জিনিস কেসে থাকলে হ্যান্ডব্যাগ বা ভ্যানিটিব্যাগে খোঁজার সময় সহজেই হাতের নাগালে চলে আসে।

অনেক সময় হ্যান্ডব্যাগ বা ভ্যানিটিব্যাগে নেইলপলিশ রাখার পর দেখা যায়, বোতল খুলে নেইলপলিশে ব্যাগ ভরে যায়। এই দুঃসহ অভিজ্ঞতা অনেক নারীরই আছে। এসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে চাইলে ব্যবহার করা যেতে পারে পুরোনো চশমার কেস। পূর্ণ আকারের একটি নেইলপলিশের বোতল চশমার কেসে খুব সুন্দরভাবেই এঁটে যায়।

টুথব্রাশ, ডেন্টাল ফ্লস এবং টুথপেস্টের ছোট টিউবের মতো জিনিসগুলো শক্ত আবরণের একটি চশমার কেসে সহজেই বহন করা যায়।

মেকআপ কেস :চশমার কেসে আকারে লম্বা এবং চিকন জাতীয় মেকআপের উপকরণ রাখা যেতে পারে। এগুলো কেসের মতো লম্বা ও চিকন হওয়ায় সহজেই এঁটে যায়। যেমন- লিপস্টিক, মাসকারা, আইলাইনার, ব্রাশ ইত্যাদি।

গয়নার কেস :নারীরা নেকলেস, কানের দুল বা অন্যান্য গয়না পার্স বা ব্যাকপ্যাকের নিচে রাখতে পছন্দ করেন। কিন্তু প্রয়োজনের সময় খুঁজতে গেলে দেখা যায়, কোনোটাই খুঁজে পাওয়া যায় না। শেষমেশ বিরক্ত হয়ে অনেক সময় খুঁজে পাওয়ার আশাও ছেড়ে দিতে হয়।
একটি পুরোনো চশমার কেস এই সমস্যা দূর করতে পারে। এতে দেখা যাবে, যেখানেই কেসটি রাখা হোক না কেন, প্রয়োজনের সময় কেসের ভেতর হাত দিয়ে গয়নাগুলো বের করে পরা যাবে।

ফার্স্টএইড কিট :ব্যান্ডেজ, মলম, চিমটা এবং প্রাথমিক চিকিৎসার জন্য অন্যান্য ছোট উপকরণ একটি চশমার কেসের ভেতর মাপসই হতে পারে। এতে আপৎকালীন দ্রুত প্রাথমিক চিকিৎসা করা সহজতর হয়ে ওঠে।

প্রয়োজনীয় জিনিসপত্র বহন :আপনি হয়তো বাচ্চা নিয়ে কোনো একটি লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন বা কোনো একটি রুমে বেশ লম্বা সময় ধরে অপেক্ষা করছেন। এতে আপনার সন্তান বিরক্ত হয়ে কান্নাকাটি জুড়ে দিতে পারে। সে ক্ষেত্রে স্টিকার, রংপেন্সিলের মতো জিনিস আপনাকে হাঁফ ছেড়ে মুক্তি দিতে পারে। এই জিনিসগুলো বহনের জন্য পুরোনো চশমার কেস হতে পারে যথাযথ সমাধান। কারণ, কেসগুলো আকারে ছোট হওয়ায় সহজেই বহনযোগ্য।

কন্টাক্ট লেন্স কিট :একের অধিক কন্টাক্ট লেন্সের জন্য ব্যবহার করা যেতে পারে চশমার কেস। এতে যেমন লেন্সগুলো থাকবে নিরাপদ, তেমনি প্রয়োজনের সময় দ্রুত খুঁজে পাওয়া যাবে।

কয়েন কেস :অনেক সময় পকেটে কয়েন রাখলে হারিয়ে যায়। এদিক-সেদিক রাখলেও ঠিক সময় মতো আর পাওয়া যায় না। এ জন্য যদি একটি চশমার কেস ব্যবহার করা হয়, তাহলে হারানোর ঝুঁকি কমে যায় অনেকটাই। 

আরও পড়ুন

×