ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাইডলাইন

ব্রাউজারে ফিরবে গতি

ব্রাউজারে ফিরবে গতি
×

আলাউদ্দিন আলাদিন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৮:০০

ব্রাউজার হিসেবে গুগল ক্রোম বেশ জনপ্রিয়। দৃষ্টিনন্দন ইন্টারফেস, ডিভাইসের ডেটা সিনক্রোনাইজ, সহজ ব্যবহারবিধি– এমন সব সুবিধা ব্রাউজারটিকে করেছে অতুলনীয়। চলতি বছরের শুরুতে গুগলের গোপনীয়তা এবং নিরাপত্তা সুবিধা উন্নত করার প্রতিশ্রুতি দেওয়ার পর এ ব্রাউজারের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে।

সুবিধার সঙ্গে গুগল ক্রোম ধীর হয়ে যাওয়ার মতো সমস্যার কথা শোনা যায়। পিসি বা স্মার্টফোনের র‍্যামে বেশি জায়গা দখল করে– এমন অভিযোগ করেন ব্যবহারকারীরা। কয়েকটি কৌশল মেনে গুগল ক্রোম ব্রাউজারকে গতিশীল করা যায়।

জাভাস্ক্রিপ্ট ক্যাশ ফাইল ডিলিট

বিশেষ গবেষণা বলছে, ক্রোম ব্রাউজারের গতি কমে যাওয়ার কয়েকটি কারণ চিহ্নিত করা যায় না। কারণগুলো হচ্ছে গুগল ক্রোম গোপন ফোল্ডারে জাভাস্ক্রিপ্ট ক্যাশ ফাইল সংরক্ষণ করে, যা স্বাভাবিক প্রক্রিয়ায় ডিলিট হয় না। গুগল ক্রোম সাধারণ ক্যাশের বাইরে ফোল্ডারে শুধু জাভাস্ক্রিপ্টের ক্যাশ রাখে, যা ক্যাশ ফাইল ডিলিট করলে মুছে যায় না। উইন্ডোজ পিসিতে এমন ক্যাশগুলো সি-ড্রাইভের অ্যাপডেটা ফোল্ডারে জমা হয়। ফাইলটি পাওয়ার জন্য অ্যাপডেটার মধ্যে লোকাল নামে ফোল্ডারে ক্লিক করে যথাক্রমে গুগল, ক্রোম, ইউজার ডেটা, ডিফল্ড, কোড ক্যাশ ও জেএস ফোল্ডারে যেতে হবে। জেএস ফোল্ডারে অনেক ক্যাশ ফাইল জমে থাকে। ফাইলগুলো ডিলিট করলে গুগল ক্রোম আগের চেয়ে তুলনামূলক গতিশীল হয়।

ওয়েব অ্যাপস ডিলিট

গুগল ক্রোম ব্রাউজারে ডিফল্টভাবে জিমেইল, গুগল ড্রাইভ, স্লাইড, ইউটিউব, গুগল ডক, গুগল শিট ছাড়াও অন্য সব অ্যাপস যুক্ত থাকে; যা ব্রাউজারের নির্ধারিত মেমোরিতে স্থায়ী জায়গা দখল করে নেয়। অ্যাপসগুলো ডিলিট করার জন্য ব্রাউজারের সার্চ বক্সে chrome://apps লিখে সার্চ দিলে সব অ্যাপ দৃশ্যমান হবে। প্রতিটি অ্যাপসের ওপর মাউসের কার্সার রেখে রাইট ক্লিক করলে ডিলিট অপশন পাওয়া যাবে। অ্যাপগুলো ডিলিট করলে ব্রাউজারে আগের চেয়ে গতি বাড়বে।

পেজ প্রিলোড

ফাস্ট ব্রাউজিংয়ের জন্য পেজ প্রিলোড বেশ জরুরি। অপশনটি পাওয়ার জন্য ক্রোম ব্রাউজারের থ্রি-ডটে ক্লিক করে সেটিংস মেন্যুতে থাকা কুকিজ বাটনে যেতে হবে। এর পর সেখান থেকে প্রিলোড বাটনে ক্লিক করে অন করে দিতে হবে। এতে ব্রাউজার হবে গতিশীল।

আরও পড়ুন

×